জুয়ায় বাধা দেওয়ায় গ্রাম পুলিশকে মারধর
রংপুরের তারাগঞ্জে জুয়া খেলতে বাধা দেওয়ায় গ্রাম পুলিশের এক সদস্যের হাত ভেঙে দিয়েছে জুয়াড়িরা। গত মঙ্গলবার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা ঘাটের কাছে বাঁশঝাড়ে ওই ঘটনা ঘটে।
আহত গ্রাম পুলিশের নাম বাদল কান্তি রায় (৩৮)। এ ঘটনায় তিনি গতকাল বুধবার পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রহিমাপুর চাকলা ঘাটের কাছে বাঁশঝাড়ে জুয়ার আসর বসে। খবর পেয়ে কুর্শা ইউনিয়নের পূর্ব রহিমাপুর ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য বাদল কান্তি গিয়ে জুয়াড়িদের বাধা দেন। এসময় জুয়াড়িদের হামলায় গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, বাদলের শরীরে আঘাতের চিহ্ন আছে। তাঁর বাঁ হাতও ভেঙে গেছে।
অভিযুক্ত নাতুরাম ও স্বপন রায় বলেন, তাঁরা ওখানে বিশ্রাম করছিলেন। এ সময় ওই পুলিশ সদস্য না বুঝেই তাঁদেরকে মারধর শুরু করেন। এ সময় খালে পড়ে গিয়ে বাদলের হাত ভেঙে যায়।
ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর ওই গ্রাম পুলিশকে আইনের আশ্রয় নিতে বলেছি।’