জুয়ায় সর্বস্ব হারাচ্ছেন শিবগঞ্জের কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামে গ্রামে এখন নতুন আলু উঠছে। বেশির ভাগ কৃষকের হাতেই আলু বিক্রির কাঁচা টাকা। এই সময়কে পুঁজি করে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারে প্রকাশ্যে জুয়ার আসর বসাচ্ছে প্রভাবশালী একটি চক্র। এতে জুয়ার আসরে সর্বস্ব খুইয়ে বাড়ি ফিরছেন অনেক কৃষক।

উপজেলা সদর ও কিচক এলাকার সাত-আটজন অভিযোগ করেন, এলাকার প্রভাবশালী ও স্থানীয় প্রশাসনের কিছু কর্মকর্তার যোগসাজশে জুয়ার এ আসর বসানো হয়েছে। তাই কেউ এর বিরুদ্ধে কোনো কথা বলছে না। আর থানা-পুলিশ বিষয়টি দেখেও না দেখার ভান করছে।

এলাকাবাসী জানান, মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে কিচক বাজার একটি গুরুত্বপূর্ণ জায়গা। বিভিন্ন জেলা-উপজেলা থেকে খুব সহজেই এখানে আসা যায়। তাই এখানে প্রতি রাতে নিজ এলাকা ছাড়াও বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা আসছে। হাউজি, ডাব্বুসহ বিভিন্ন ধরনের জুয়া খেলায় তারা প্রায় সারা রাত মেতে থাকছে। উপজেলার কুড়াহার গ্রামের কৃষক ফজলুল হক বলেন, এলাকার কৃষকদের কাছে এখন অন্যতম প্রধান ফসল আলু। আর এই আলু ওঠার মৌসুমে কৃষকদের সর্বনাশ করার জন্য জুয়ার আসর বসানো হয়েছে।

স্থানীয় লোকজন এ জুয়া বন্ধে জোর দাবি জানিয়েছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাব নামের একটি সংগঠন ২ জানুয়ারি এ জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন করে। একই দাবিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা যুবলীগের পক্ষ থেকে ইউএনওকে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকালই জাতীয় যুব সংহতি শিবগঞ্জ উপজেলা শাখা থানার প্রধান ফটকের সামনে প্রতিবাদ সভা করেছে। পরে প্রতিবাদ মিছিল করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ইউএনওকে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। জাতীয় যুব সংহতির সদস্যসচিব ফজলুল বারী বলেন, ‘আমরা জুয়া বন্ধে ৪৮ ঘণ্টা সময় দিয়েছি। এর মধ্যে জুয়া বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ উপজেলা যুবলীগের সভাপতি আবদুস ছাত্তার বলেন, যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও সাধারণ মানুষকে নিঃস্ব হওয়ার পথ থেকে ফিরিয়ে আনতে জুয়া বন্ধের দাবি করা হয়েছে। এ দাবি মানা না হলে গত শনিবার শহরে প্রতিবাদ সমাবেশ করা হবে। তারপরও জুয়া বন্ধ না হলে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা করা হবে।

শিবগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, উচ্চ আদালতের অনুমতি নিয়ে সেখানে মেলার আয়োজন করা হয়েছে।

ইউএনও আমিনুর রহমান বলেন, ‘আমি মনে করি, অবশ্যই জুয়া বন্ধ হওয়া দরকার। অভিযোগ পেয়েছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’

বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, ‘আমি মেলার নামে জুয়া-হাউজি চালানোর বিপক্ষে। কিন্তু সেখানে উচ্চ আদালতের অনুমতি নিয়ে এসব চালানো হচ্ছে। এ কারণে আমি ইচ্ছে থাকা সত্ত্বেও ব্যবস্থা নিতে পারছি না।’