জেএমবি ও জেএমজেবির ৩ জঙ্গি গ্রেপ্তার
গত কয়েক ঘণ্টায় টাঙ্গাইল, পাবনা ও রাজশাহী থেকে নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ও জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন জেএমবির পাবনা জেলা আঞ্চলিক কমান্ডার বলে দাবি করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ওই তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল থেকে আজ মঙ্গলবার সকালে জেএমবির তালিকাভুক্ত সক্রিয় সদস্য আমান উল্লাহ ওরফে লিটনকে (৩০) গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানার পুলিশ।
সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বরুহা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাবার নাম হাশেম উদ্দিন।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, গ্রেপ্তার আমান উল্লাহ দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্ত হয়ে পলাতক হন। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইলের দেলদুয়ার থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে।
পাবনা শহর থেকে জেএমবির এক আঞ্চলিক কমান্ডারকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে শহরের জজকোর্ট এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (৪০)। তাঁর বাড়ি পাবনা শহরের গোপালপুর মহল্লায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, মোস্তাফিজ জেএমবির পাবনা অঞ্চলের কমান্ডার। তিনি সিরিজ বোমা হামলা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে পাবনা ও মেহেরপুরে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশ সদর দপ্তরে থাকা জঙ্গিদের তালিকায় তাঁর নাম তিন নম্বরে আছে।
পুলিশ বলছে, মোস্তাফিজকে অনেক দিন ধরেই খোঁজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে তাঁকে ধরা হয়।
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) তালিকাভুক্ত আরেক সদস্যকে রাজশাহীর বাগমারা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার জঙ্গি হলেন উপজেলার যোগীপাড়া ইউনিয়নের শান্তপাড়া গ্রামের জয়নাল আলীর ছেলে আবদুল কুদ্দুস (৪০)। তাঁর বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, জঙ্গিবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার রাত থেকে পুলিশের কয়েকটি দল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আজ মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে জঙ্গি কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়। তিনি জেএমজেবির তালিকাভুক্ত সদস্য। তাঁর বিরুদ্ধে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগে ২০০৫ সালের ২৪ জানুয়ারি পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৬৪ জন জঙ্গির সঙ্গে তাঁকে পুলিশ আটক করেছিল।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, তাঁর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করার পর সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত চার দিনে বাগমারা থানা-পুলিশ জঙ্গিবিরোধী অভিযানে আটজন জঙ্গিকে আটক করেছে।