জেএমবি চট্টগ্রামের 'সামরিক প্রধান' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>নয়টি গ্রেনেড, পিস্তল, ১২০টি গুলি, ১০টি ছুরি, বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার

গ্রেনেডসদৃশ বোমা, অস্ত্র, গুলিসহ জঙ্গি সন্দেহে চট্টগ্রামে পাঁচ যুবককে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটক যুবকদের একজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) চট্টগ্রামের সামরিক শাখার প্রধান। অন্যরা জেএমবির প্রশিক্ষিত সদস্য।
গতকাল সোমবার ও গত রোববার চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. জাবেদ, মো. ফুয়াদ, মো. সুজন, মো. মাহবুব ও মো. কাজল। এর মধ্যে গতকাল সন্ধ্যায় কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকার একটি বহুতল ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নয়টি গ্রেনেড (হাতে ছুড়ে মারা যায়), পিস্তল, ১২০টি গুলি, ১০টি ছুরি, বোমা তৈরির বেশ কিছু সরঞ্জামসহ জাবেদকে আটক করা হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, জাবেদ জেএমবি চট্টগ্রামের সামরিক শাখার প্রধান।
খোয়াজনগর এলাকায় অভিযানে থাকা চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য গত রাত সোয়া নয়টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া গ্রেনেড, গুলি ও ছুরি দেখে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, আটক পাঁচজন জেএমবির প্রশিক্ষিত সদস্য।
অভিযান পরিচালনাকারী নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর-দক্ষিণ) মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, এর আগে অভিযানে ধরা পড়া চারজনকে নিয়ে ওই বাসায় যায় পুলিশ। বাসার দরজা খোলার পরপরই জাবেদ পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারেন। তবে গ্রেনেডের পিন না খোলায় তা বিস্ফোরিত হয়নি।
অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা বলেন, পাঁচতলা ওই ভবনের প্রতিটি তলায় দুটি করে ফ্ল্যাট রয়েছে। ভবনের নিচতলার একটি ফ্ল্যাট এই মাসে ভাড়া নেন আটক হওয়া যুবকেরা। তাঁরা পরিবার নিয়ে থাকার কথা বলে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। ভবনের মালিক বিদেশে থাকেন।
ভবনের পাশের দোকানদার আবু হানিফ প্রথম আলোকে বলেন, আটক যুবকেরা ওই ভবনে ভাড়া থাকতেন। তাঁরা কী করেন, তা তিনি জানেন না।
অভিযানের বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, গত ২৩ সেপ্টেম্বর নগরের সদরঘাট এলাকায় গুলি ও ককটেল বিস্ফোরণে দুই ছিনতাইকারীসহ তিনজন নিহত হন। ঘটনাস্থল থেকে দুটি একে ২২ রাইফেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জঙ্গিদের সন্ধান পায়। রোববার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাহবুব ও কাজলকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে নগরের অক্সিজেন এলাকা থেকে সুজন ও ফুয়াদকে আটক করা হয়। আটক চারজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেনেডসহ জাবেদকে আটক করা হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, আটক যুবকেরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। কারণ পুলিশ যখন ওই ফ্ল্যাটের দরজা খোলে, তখনই পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারা হয়। গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল উদ্ধার হওয়া নয়টি গ্রেনেড নিষ্ক্রিয় করার কাজ শুরু করছে।