জেএমবি নেতার লাশ নেননি স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম অঞ্চলের ‘সামরিক প্রধান’ জাবেদের লাশ নিতে তাঁর স্বজনদের কেউ গত দুই দিনে পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। স্বজনেরা না আসায় গতকাল বৃহস্পতিবার দুপুরে জাবেদের লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরে চট্টগ্রাম নগরের স্টেশন রোডের চৈতন্যগলি কবরস্থানে লাশ দাফন করা হয়।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামের সদরঘাটে ছিনতাই করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে নিহত হন জেএমবি সদস্য রফিকুল ইসলাম ও রবিউল ইসলাম। স্বজনেরা না আসায় পুলিশ বেওয়ারিশ হিসেবে তাঁদের লাশ দাফন করে।
গত সোমবার নগরের কর্ণফুলী থানার খোয়াজ নগরের একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেনেড, অস্ত্র ও গুলিসহ জাবেদকে আটক করা হয়। পরদিন তাঁকে নিয়ে গ্রেনেড উদ্ধারে গেলে তাঁর সহযোগীদের ছোড়া গ্রেনেড বিস্ফোরণে জাবেদ নিহত হন বলে পুলিশ জানায়। জাবেদের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী পৌর শহরের বেথেইর মহল্লায়।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ গত রাতে প্রথম আলোকে বলেন, নিহত জাবেদের ঠিকানায় যোগাযোগ করেও সাড়া মেলেনি। পরে লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
জাবেদের বড় বোন শিরিন আক্তার গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, জাবেদের মৃত্যুর খবর শুনে তাঁর মা-বাবা অসুস্থ হয়ে পড়েছেন। চট্টগ্রামে তাঁদের কোনো আত্মীয় নেই। প্রতিবেশীদের কেউ লাশ আনতে যেতে চাচ্ছিলেন না। এ ছাড়া কাগজপত্র জোগাড় করতে দেরি হওয়ায় ভাইয়ের লাশ নিতে চট্টগ্রাম যেতে পারেননি তাঁরা। লাশ আনতে পুলিশের সঙ্গেও তাঁরা যোগাযোগ করেননি। তবে তাঁর দাবি, লাশ গ্রহণের বিষয়ে পুলিশও তাঁদের সঙ্গে কথা বলেনি।
জাবেদের বড় ভাইয়ের স্ত্রী সানজিদা বেগম বলেন, ‘জাবেদের এমন পরিচয় ও করুণ মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। মনকে বোঝাতে পারছি না জাবেদ জঙ্গি ছিল।’
আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম শাখার সহকারী পরিচালক মো. সেলিম নাছের প্রথম আলোকে বলেন, সদরঘাটে ছিনতাইয়ের ঘটনায় নিহত দুই যুবকের তখন পরিচয় শনাক্ত করা যায়নি। বেওয়ারিশ হিসেবে গত ২৬ সেপ্টেম্বর চৈতন্যগলি কবরস্থানে দুজনকে দাফন করা হয়। সবশেষে গ্রেনেড বিস্ফোরণে নিহত যুবকের লাশও গতকাল ওই কবরস্থানে দাফন করা হয়।
সদরঘাটে ছিনতাইয়ের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সন্তোষ চাকমা বলেন, ছিনতাই করতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে নিহত রফিক ও রবিউলের স্বজন থাকলেও কেউ না আসায় লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। ঘটনার পর দুজনের পরিচয়ও জানা যায়নি। গত সোমবার জেএমবির পাঁচ সদস্যকে (রফিকের দুই ভাইসহ) গ্রেপ্তারের পর তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
ছিনতাইয়ের ঘটনায় গ্রেনেড বিস্ফোরণে নিহত রফিক চট্টগ্রাম নগরের ইছানগর এলাকার আবদুল গণির ছেলে। জানতে চাইলে রফিকের বাবা গত মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে জঙ্গি কিনা জানি না। ছিনতাই করতে গিয়ে নিহত হওয়ার খবর পাওয়ার পর তার লাশ নিতে যাইনি।’
ককটেল বিস্ফোরণে রফিকের সঙ্গে নিহত রবিউল ইসলামের লাশও বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। জেএমবির সদস্য সুজন ওরফে বাবু গত মঙ্গলবার নগর ডিবি কার্যালয়ে প্রথম আলোকে বলেন, নিহত রবিউল দিনমজুরের ছদ্মবেশে জেএমবির হয়ে কাজ করতেন। তাঁর বাড়ি গাইবান্ধায়। তাঁর সম্পর্কে এর বেশি কিছু তিনি জানেন না।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য জানান, সদরঘাটে নিহত দুই জেএমবির পরিচয় ঘটনার অনেক পরে জানা গেছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে জাবেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা লাশ নিতে সাড়া দেয়নি। তাই লাশগুলো বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।
স্বজনেরা কেন লাশ নেননি—তা জানতে চাইলে সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, পরিবারের অজান্তে নিষিদ্ধ জঙ্গি সংগঠনে জড়িয়ে পড়া যুবকদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত। সামাজিকভাবে হেনস্তা হওয়ার আশঙ্কায় স্বজনেরা লাশ নেননি। জঙ্গি তৎপরতা রোধে পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় করা জরুরি। পরিবারের তরুণ সদস্যটি কী করছেন, বড়দের তা জানা দরকার।