জেএমবি পরিচয়ে চিঠি দিয়ে শিক্ষককে প্রাণনাশের হুমকি
নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পরিচয়ে চিঠি দিয়ে নওগাঁর ধামইরহাটে এক স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষক ধামইরহাট থানায় গতকাল মঙ্গলবার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার আগ্রাদ্বিগুন বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজীর আহম্মেদকে গত সোমবার সকালে বিদ্যালয়ে তাঁর কার্যালয়ে ঢোকার সময় একটি চিঠির খাম দেখতে পান। খামটির ভেতর পাওয়া চিরকুটে লেখা ‘১৪ থেকে ১৬ আগস্টের মধ্যে ভালো না হলে তোর মৃত্যু আসন্ন।’ চিঠির শেষে ইংরেজি অক্ষরে জেএমবি লেখা রয়েছে। চিঠি দেখার পর তিনি নিরাপত্তাহীনতার দিকটি বিবেচনা করে গতকাল ধামইরহাট থানায় একটি জিডি করেন।
শিক্ষক বেনজীর আহম্মেদ বলেন, ‘গত সোমবার জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সকাল নয়টায় বিদ্যালয়ে আসি। আমার কক্ষে ঢুকতেই দরজার কাছে একটি সাদা খাম পড়ে থাকতে দেখি। খামের ভেতর জেএমবি পরিচয় দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে একটি চিরকুট রাখা ছিল। চিঠি পাওয়ার পর কিছুটা হলেও নিরাপত্তাহীনতায় ভুগছি।’
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বলেন, গতকাল সকালে ওই শিক্ষক একটি জিডি করেছেন। প্রাথমিকভাবে বিষয়টি রসিকতা বলে মনে হচ্ছে। তারপরও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হবে।