জেএমবি সদস্য সন্দেহে সিরাজগঞ্জে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর এলাকা থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত বুধবার রাত পৌনে দুইটার দিকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন উল্লাপাড়া উপজেলার চাকশা দক্ষিণপাড়া গ্রামের মো. ইসরাফিল (২৪), চর মোহনপুর পশ্চিমপাড়া গ্রামের মো. রুহুল আমিন ওরফে রুহুল (৩২) ও চর মোহনপুর উত্তরপাড়া গ্রামের মো. আলমাস (৩০)।

জেলার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামান বলেন, উল্লাপাড়ার মোহনপুরে ‘জেএমবি সদস্যরা’ নতুন সদস্য সংগ্রহ করছেন—এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার করা হয় ইসরাফিলকে। তাঁর দেওয়া তথ্যমতে আরও অভিযান চালিয়ে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু বই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াছিন আলী বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে সদর থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদের দাবি, জেএমবির শীর্ষ নেতা সামিউল ওরফে রবিন ওরফে তালহার মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিরা জেএমবিতে যোগদান করেছেন এবং তাঁর নির্দেশে ওই এলাকায় জেএমবির নতুন সদস্য সংগ্রহের কাজ চলছিল।