জেএমবি সদস্যকে গুলি করে হত্যা, স্কুলশিক্ষক আটক
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বসন্তেরপাড়া গ্রামে ফজলে রাব্বী (৩০) নামের জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গত রোববার রাতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ফজলে রাব্বী বসন্তেরপাড়া গ্রামের সাদাক্কাস আলীর ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এনামুল হক নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে।
সাঘাটা থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার রাত নয়টার দিকে ফজলে রাব্বী ও এনামুল হক জুমারবাড়ি বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। তাঁরা বসন্তেরপাড়া গ্রামের জলকপাটের (স্লুইসগেট) কাছে পৌঁছালে পেছন থেকে দুটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। ওই চারজন দুর্বৃত্তের মধ্যে একজন ফজলে রাব্বীর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ সময় রাব্বী মাটিতে লুটিয়ে পড়েন।
গুলির শব্দ ও এনামুলের চিৎকারে আশপাশের লোকজন এসে রাব্বীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তিনি মারা যান। ওই হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পুলিশ ওই দিন রাতেই এ ঘটনায় জড়িত সন্দেহে জুমারবাড়ি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হককে (৪৫) আটক করে। গতকাল বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাঘাটা থানায় মামলা দায়ের হয়নি।
সাদাক্কাস আলী বলেন, ফজলে রাব্বী জেএমবির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু ২০০৭ সালের দিকে তিনি জেএমবির কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ান। ওই সালেই তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেন। তখন থেকে ফজলে রাব্বী পরিবার নিয়ে কোনাবাড়ী এলাকায় থাকতেন।
ঈদের কয়েক দিন আগে তিনি পরিবার নিয়ে বাড়িতে আসেন। সাদাক্কাস আলী দাবি করেন, রোববার রাতে পূর্বশত্রুতার জের ধরে ফজলে রাব্বীকে হত্যা করা হয়। তবে কার সঙ্গে শত্রুতা, সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এ প্রসঙ্গে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ফজলে রাব্বী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে, ফজলে রাব্বী জেএমবি সংগঠনের সঙ্গ ত্যাগ অথবা সংগঠনটির অভ্যন্তরীণ কোনো বিরোধের জের ধরেই জেএমবির সদস্যরা তাঁকে গুলি করে হত্যা করতে পারে। ঘটনাটি তদন্ত
এবং আটক এনামুল হককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।