জেএমবি সদস্যসহ 'গোলাগুলিতে' আরও তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও গাইবান্ধায় গত বুধবার দিবাগত রাতে র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ তিনজন নিহত হয়েছেন। ঢাকায় নিহত ব্যক্তিরা হলেন কামাল পারভেজ (৪২) ও নজরুল ইসলাম (৩৫)। গাইবান্ধায় নিহত ব্যক্তির পরিচয় মেলেনি। তবে সেখানকার পুলিশের দাবি, নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বৈঠকে অভিযান চালালে গোলাগুলিতে ওই যুবক নিহত হন।
র্যা বের ভাষ্য, কামাল ছিনতাইকারী ও নজরুল অজ্ঞান পার্টির সদস্য। তবে কামালের স্বজনের দাবি, কামাল তৈরি পোশাকের ঝুটের ব্যবসা করতেন। র‌্যাব তাঁকে ধরে নিয়ে গুলি করেছে।
এর আগে গত সোমবার রাতে রাজশাহীর গোদাগাড়ীতে জামাল উদ্দিন নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পুলিশের দাবি, তিনি গত বছরের ডিসেম্বরে বাগমারার শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিলেন। পরদিন ভোরে রাজধানীর কালশীতে আরও দুজন নিহত হন। তাঁরা হলেন তারেক হোসেন মিলু ওরফে ইলিয়াস ও সুলতান মাহমুদ ওরফে রানা। পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তাঁরা নিহত হয়েছেন বলে পরে সংবাদ সম্মেলনে জানানো হয়। ইলিয়াস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা এবং রানা বাগমারা শিয়া মসজিদে গুলির ঘটনায় জড়িত বলে জানায় পুলিশ।
এ ছাড়া মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বগুড়ার শিবগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিজানুর রহমান ওরফে কাউসার নামে আরেক যুবক নিহত হন। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির সদস্য। কাউসার গত বছরের নভেম্বরে শিবগঞ্জের চককানুপুর গ্রামে শিয়া মসজিদে হামলায় অংশ নিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
গোবিন্দগঞ্জ থানা-পুলিশের দাবি, জেএমবির কয়েকজন সদস্য নাশকতার উদ্দেশ্যে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের জাহাঙ্গীর হোসেনের বাড়িতে বুধবার রাতে গোপন বৈঠক করছেন বলে খবর পাওয়া যায়। পুলিশের একটি দল সেখানে গেলে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও এ সময় পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি নিহত হন। তবে জেএমবির অন্য সদস্যরা পালিয়ে যান। এ ঘটনায় উপপরিদর্শক নওশাদসহ চার পুলিশ সদস্যও আহত হন। পরে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গতকাল মুঠোফোনে বলেন, জেএমবির সদস্যদের ছোড়া গুলিতেই ওই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি। গতকাল বিকেল পর্যন্ত তাঁর লাশের সন্ধানে কেউ আসেননি। তিনি আরও বলেন, মালঞ্চা গ্রামের জাহাঙ্গীর হোসেন জেএমবির উত্তরাঞ্চলের আঞ্চলিক কমান্ডার। তিনি একাধিক নাশকতা মামলার আসামি।
পুলিশ জানায়, নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশ বলেছে, ঘটনাস্থল থেকে গোলাবারুদসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ঢাকায় কামাল পারভেজের নিহত হওয়ার ঘটনা সম্পর্কে র‌্যাব জানায়, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে দুটি মোটরসাইকেলে চার ছিনতাইকারী খিলগাঁও তালতলায় এক নারীর সোনার অলংকার ছিনিয়ে নেয়। ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের ধাওয়া দেয়। এ সময় ছিনতাইকারীরা জনতার দিকে গুলি ছুড়লে রিমন নামের এক যুবক সামান্য আহত হন। ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করলে র‌্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্পের সদস্যরা কামাল নামে একজনকে আটক করেন। অন্যরা পালিয়ে যায়। রাত সোয়া ১২টার দিকে কামালকে নিয়ে অভিযান চালানোর সময় রামপুরা তিতাস রোডে তাঁর সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষে দু-তিন মিনিট গোলাগুলির পর সহযোগীরা পালিয়ে গেলে কামালকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি রিভলবার, রিভলবারের গুলি, সোনার চুড়ি ও নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব।
কামাল সপরিবারে উত্তরার আজমপুর কাঁচাবাজারের পাশে থাকতেন। তাঁর মৃত্যুর খবরে স্ত্রী স্বপ্না আক্তার ও ছোট ভাই নাজিমউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ মর্গে ছুটে যান।
স্বপ্না আক্তার কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, বুধবার বিকেলে আজমপুর কাঁচাবাজারের পাশের লোকজনের কাছে শুনতে পান, র‌্যাব তাঁর স্বামীকে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে। পরে র্যাব-৩-এর কার্যালয়ে গেলে বলা হয়, কামালকে আটক করা হয়নি। গতকাল সকালে তাঁর মুঠোফোনে ফোন করে কামাল গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছেন বলে জানানো হয়।
অপর ঘটনায় গত বুধবার রাত দুইটার দিকে তুরাগ থানার কামারপাড়া-সংলগ্ন প্রত্যাশা সেতুর কাছে র্যাব-১-এর সঙ্গে ‘গোলাগুলিতে’ নজরুল ইসলাম নিহত হন।
র‌্যাব-১-এর পরিচালক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ প্রথম আলোকে বলেন, রাত দুইটার দিকে মোটরসাইকেল আরোহী তিন ব্যক্তি আশুলিয়া সেতুতে র্যাবের নিরাপত্তাচৌকি দেখে সেদিকে না গিয়ে কামারপাড়া-সংলগ্ন প্রত্যাশা সেতু দিয়ে যাচ্ছিল। সেখানেও র্যাবের তল্লাশিচৌকি ছিল তা মোটরসাইকেল আরোহীরা আঁচ করতে পারেনি। কর্তব্যরত র্যাব সদস্যরা মোটরসাইকেল আরোহীদের থামার সংকেত দিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মোটরসাইকেল আরোহী নজরুল গুলিবিদ্ধ হন। অপর দুজন পালিয়ে যায়।
র‌্যাব কর্মকর্তারা বলেন, আহত নজরুলকে টঙ্গী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নজরুলের বাসা টঙ্গী এলাকায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
র্যা বের ভাষ্য, অজ্ঞান পার্টির সদস্য নজরুলের বিরুদ্ধে টঙ্গী ও ময়মনসিংহে তিনটি নারী পাচারের মামলা রয়েছে।