নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে আসামি করে ‘মাজারে’ জোড়া খুনের মামলায় গতকাল সোমবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবিরের আদালতে অভিযোগপত্র দিয়েছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর আগে এই মামলায় অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন জেএমবির সদস্য সুজন ওরফে বাবু।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, জেএমবির সদস্য সুজনকে আসামি করে ‘মাজারে’ জোড়া খুনের মামলায় অভিযোগপত্রে ২৫ জনকে সাক্ষী রাখা হয়েছে।
গত বছরের ৪ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আকবর টিলা এলাকার ‘লেংটা ফকিরের মাজার’ নামে পরিচিত একটি ঘরে ঘুমন্ত অবস্থায় রহমত উল্লাহ ওরফে লেংটা ফকির ও তাঁর খাদেম আবদুল কাদেরকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত কাদেরের ছোট ভাই নুরুল ইসলাম অজ্ঞাতপরিচয় এক যুবককে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।