জেএমবির সন্দেহভাজন চার সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক হওয়া চার ব্যক্তি জেএমবির সদস্য বলে পুলিশের ভাষ্য। ছবি: প্রথম আলো
আটক হওয়া চার ব্যক্তি জেএমবির সদস্য বলে পুলিশের ভাষ্য। ছবি: প্রথম আলো

বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন চার সদস্যকে আটক করা হয়েছে।

গতকাল সোমবার রাতে উপজেলার খলিসাখালী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই চার ব্যক্তিকে আটক করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কচুয়া থানার পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।

আটক ব্যক্তিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, হাতবোমাসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশের ভাষ্য।

আটক হওয়া চারজন হলেন কচুয়া উপজেলার আকাশ মোল্লা ওরফে বাবু (১৯), পিরোজপুর সদর উপজেলার হাবিবুল্লাহ শেখ (১৯), নাজিরপুর উপজেলার কবীরুল ফরাজী (২৬) ও মঠবাড়িয়া উপজেলার মিজানুর রহমান হাওলাদার (২৮)।

পুলিশ বলছে, অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে জঙ্গিরা হাতবোমা ছুড়েছিল। জবাবে গুলি ছোড়ে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হন।

আটক ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র, গুলি, হাতবোমাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি পুলিশের। ছবি: প্রথম আলো
আটক ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র, গুলি, হাতবোমাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি পুলিশের। ছবি: প্রথম আলো

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) পংকজ চন্দ্র রায়ের ভাষ্য, খলিসাখালী গ্রামের একটি বাড়িতে জেএমবির সদস্যরা গোপন বৈঠক করছেন বলে খবর পাওয়া যায়। দিবাগত রাত আড়াইটার দিকে সেখানে অভিযানে যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কচুয়া থানার পুলিশ। উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হাতবোমা ছোড়ে। পুলিশ ছোড়ে গুলি। এ ঘটনায় পুলিশের তিন কনস্টেবল আহত হন। একপর্যায়ে জঙ্গিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। চারজনকে ধরে ফেলে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দুটি গুলি, গুলির সাতটি খোসা, পাঁচটি হাতবোমা, পাঁচটি মুঠোফোন ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের কচুয়া থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।