জেএমবি সন্দেহে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে গতকাল শনিবার রাতে বিভিন্ন জায়গা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। পুলিশের দাবি, এই চারজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।

পুলিশ জানায়, গতকাল রাতে জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের বজলুর রহমান (৩০), একই ইউনিয়নের গোলমুন্ডা ঘাটেরপাড় এলাকার তরিকুল ইসলাম (২৭), ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের পাটোয়ারীপাড়া গ্রামের সাইফুর রহমান (৩৭) এবং ডিমলা উপজেলার সোনাখুলি চাপানীরহাট গ্রামের মো. মীর কাশেমকে (৩০) গ্রেপ্তার করা হয়।

নীলফামারীর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) এরশাদুল আলম বলেন, এঁরা জেএমবির সক্রিয় সদস্য। জেলায় মানুষ হত্যাসহ বিভিন্ন নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত তাঁরা।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার জানান, ওই চারজনের মধ্যে তরিকুল ইসলাম গতকাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি গত বছরের ৯ আগস্ট সকালে জলঢাকা উপজেলার গোলমুণ্ডা বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাধব চন্দ্র রায় হত্যায় জড়িত। এরপর আজ তাঁকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই হত্যাকাণ্ডের সময় তিনি পাহারার দায়িত্বে ​ছিলেন।