সিরাজগঞ্জে জেএমবি সন্দেহে চার নারী আটক
সিরাজগঞ্জ শহরে জেএমবির সদস্য সন্দেহে চার নারী আটক হয়েছে। তাদের কাছ থেকে ককটেল, গ্রেনেড তৈরির উপকরণ ও জিহাদি বইপত্র উদ্ধার করার দাবি পুলিশের।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শহরের মাসুমপুর উত্তরপাড়ার একটি বাড়ি থেকে ওই চার নারীকে আটক করার কথা জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির বিবরণ অনুযায়ী, আটক চার নারী হলেন নাদিরা তাবাসুম ওরফে রানী (৩০), হাবিবা আকতার ওরফে মিশু (১৮), রুমানা আকতার ওরফে রুমা (২১) ও রুনা বেগম (১৯)।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামানের ভাষ্য, মাসুমপুর উত্তরপাড়ার একটি বাড়িতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা গোপন বৈঠক করছে বলে খবর পাওয়া যায়। ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। বাড়িটি থেকে চার নারীকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ছয়টি তাজা ককটেল, গ্রেনেড তৈরির উপকরণ ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দীন বলেন, আটক নারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা জেএমবির সদস্য। এলাকায় বাসাভাড়া নিয়ে তাঁরা সংগঠনের কর্মকাণ্ড চালাচ্ছিলেন। তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, আটক নারীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।