জেএমবি সন্দেহে দুজন আটক
সিরাজগঞ্জ সদর উপজেলার ভেওয়ামারা ও চরছোনগাছা গ্রাম থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই উদ্ধার ও মুঠোফোনের মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ভেওয়ামারা গ্রামের শাহজামালের ছেলে সুলতান মাহমুদ (৪২) ও ছোনগাছা ইউনিয়নের চরছোনগাছা গ্রামের আবুল কাশেমের ছেলে মাহমুদ হাসান (৩২)।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, গত ১১ অক্টোবর উল্লাপাড়া উপজেলা থেকে ইদ্রিস আলী এবং সদর উপজেলা থেকে সোয়াইব হোসেনকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের দেওয়া তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে সুলতান মাহমুদ ও মাহমুদ হাসানকে আটক করা হয়েছে। তিনি দাবি করেন, জিজ্ঞাসাবাদে এই দুই জন নিজেদের জেএমবির সদস্য বলে স্বীকার করেছে।