জেএমবির সেই 'সামরিক প্রধান' গ্রেনেড বিস্ফোরণে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) চট্টগ্রামের ‘সামরিক শাখার প্রধান’ আটক থাকা অবস্থায় কথিত গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছেন।

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভাষ্য, আটক করার পর ওই ব্যক্তিকে নিয়ে আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে কর্ণফুলী থানার খোয়াজনগরের লালমিয়া সড়ক এলাকায় গ্রেনেড উদ্ধার করতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডিবির তথ্যমতে, নিহত ব্যক্তির নাম মো. জাবেদ। গতকাল সোমবার সন্ধ্যায় খোয়াজনগর এলাকার একটি বহুতল ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় নয়টি গ্রেনেড (হাতে ছুড়ে মারা যায়), পিস্তল, ১২০টি গুলি, ১০টি ছুরি, বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম। পরে তাঁকে নিয়ে অভিযানে যায় ডিবি।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর-দক্ষিণ) মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে আরেকটি গ্রেনেডের তথ্য দেন জাবেদ। সেটি উদ্ধার করতে তাঁকে নিয়ে ঘটনাস্থলে যায় ডিবি। সড়কের পাশের নর্দমা থেকে গ্রেনেডটি উদ্ধারের সময় তা বিস্ফোরিত হয়। এতে জাবেদ ও ডিবির দুই সদস্য আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জাবেদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, সকাল সোয়া ছয়টার দিকে জাবেদকে মৃত ঘোষণা করা হয়। তাঁর গলা থেকে বুক পর্যন্ত ঝলসে গেছে। লাশ কলেজের মর্গে রয়েছে।

ডিবির আহত দুই সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন ও কনস্টেবল ফয়সল আহমেদ।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, গত ২৩ সেপ্টেম্বর নগরের সদরঘাট এলাকায় গুলি ও ককটেল বিস্ফোরণে দুই ছিনতাইকারীসহ তিনজন নিহত হন। ঘটনাস্থল থেকে দুটি একে ২২ রাইফেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জঙ্গিদের সন্ধান পায়। রোববার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. মাহবুব ও মো. কাজল নামের দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে নগরের অক্সিজেন এলাকা থেকে মো. সুজন ও মো. ফুয়াদকে আটক করা হয়। আটক চারজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে খোয়াজনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেনেড, অস্ত্র, গুলিসহ জাবেদকে আটক করা হয়।

ডিবির ভাষ্য, জাবেদ জেএমবি চট্টগ্রামের সামরিক শাখার প্রধান। অন্যরা জেএমবির প্রশিক্ষিত সদস্য।

আরও পড়ুন: