জেএমবির আদলে নতুন জঙ্গি সংগঠন, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ডিবির হাতে গ্রেপ্তার হওয়া ছয়জন l প্রথম আলো
জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ডিবির হাতে গ্রেপ্তার হওয়া ছয়জন l প্রথম আলো

জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বলছে, এঁরা সবাই ‘মুজাহিদ অব বাংলাদেশ’ নামের নতুন একটি জঙ্গি সংগঠনের সদস্য। তাঁরা জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আদলে সংগঠিত হচ্ছিলেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জহিরুল ইসলাম ওরফে আনসার ওরফে জহির (২২), খন্দকার রাজেশ সুবাহান ওরফে রাজু (৩০), আবু বকর সিদ্দিক ওরফে আবির (২০), আব্রাহাম আহম্মেদ আল তারেক (২৬), মোর্শেদুল ইসলাম ওরফে কিংমোর খান (২৮) ও কাজী বাপ্পী আহমেদ ওরফে সাজ্জাদ ওরফে তারেক বিন ওরফে জিয়া মোল্লা আক্তার মো. মনসুর (৩১)। তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ ও ১০টি মুঠোফোন উদ্ধার করা হয়।
ডিবি কর্মকর্তারা বলছেন, এঁদের মধ্যে জহিরুল ইসলাম নতুন সংগঠনটির একজন শীর্ষস্থানীয় নেতা। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। গাজীপুরের শ্রীপুরে তিনি একটি জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছিলেন।
গতকাল এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম বলেন, মুজাহিদ অব বাংলাদেশের এই ছয় সদস্য ঢাকায় একজন পীরকে হত্যার পরিকল্পনা করেছিল। বুধবার সন্ধ্যায় ডিবি ও পুলিশ সদর দপ্তরের আড়িপাতা শাখা (এলআইসি) যৌথ অভিযান চালিয়ে এঁদের মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করে।
মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব জঙ্গি বলেছেন, তাঁরা আল-কায়েদাকে অনুসরণ করেন। তবে আল-কায়েদার সঙ্গে তাঁদের যোগাযোগের কোনো প্রমাণ পায়নি ডিবি। তিনি বলেন, দুই বছর আগে শুরু হওয়া মুজাহিদ অব বাংলদেশ নামের নতুন এই দলটির সাংগঠনিক কোনো কাঠামো নেই। ২৫-৩০ জনের মতো সদস্য আছে। তাঁদের কারও কারও প্রযুক্তিগত দক্ষতা রয়েছে।
মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বলেন, গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কের আশপাশের জঙ্গল ও চট্টগ্রামের বনাঞ্চলে প্রশিক্ষণ নিয়েছেন বলে গ্রেপ্তার হওয়া জঙ্গিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, মুজাহিদ অব বাংলাদেশের শীর্ষ নেতার নাম মামুন। তিনি এর আগে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। কিন্তু তখন মামুন নিজের সংগঠনের নাম বলেননি।
আরেক প্রশ্নের জবাবে মনিরুল বলেন, নতুন এ সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। নিজেদের জীবন ব্যয় মিটিয়ে বেতনের বাকি টাকা সংগঠনে দিয়ে দেন।
এই ছয় জঙ্গি আগে অন্য কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন কি না, এ প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার মনিরুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়ে তাঁরা কোনো তথ্য দেননি। তবে ধারণা করা হচ্ছে, কেউ কেউ অন্য জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। রিমান্ডে এনে জিজ্ঞাসাদ করলে সে বিষয়ে জানা যাবে।