জেএমবির আরও এক সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসান ফিরোজ (২৩) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গতকাল সোমবার ভোরে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশের ভাষ্যমতে, হাসান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) হত্যাকারী গ্রুপের সক্রিয় সদস্য।
এদিকে এই হত্যার রহস্য উন্মোচিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, জেএমবির সদস্যরাই এ হত্যাকাণ্ড ঘটান।
গতকাল সন্ধ্যা ছয়টায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে এক সংবাদ ব্রিফিং হয়। সেখানে পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ বলেন, হাসানের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর সারপুকুর গ্রামে। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র। শহরের ভোকেশনাল মোড়ে একটি ছাত্রাবাসে থাকতেন। হাসান মুক্তিযোদ্ধা হোসেনের হত্যাকারীদের স্বাগত জানান এবং নিরাপদে পালিয়ে যেতে সহায়তা দেন।
এসপি আরও বলেন, হত্যাকাণ্ডের পর থেকে হাসান পালিয়ে বেড়াচ্ছিলেন। গত ২৮ এপ্রিল গ্রেপ্তার অপর দুই জেএমবি সদস্য আবু নাশির ওরফে রুবেল (২০) ও মাহাবুব হাসান মিলন (২৮) রিমান্ডে যেসব তথ্য দিয়েছেন, তাতে এ হত্যাকাণ্ডের পুরো রহস্য উন্মোচিত হয়েছে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল ভোর পাঁচটার দিকে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে হাসানকে গ্রেপ্তার করা হয়। বিকেল সাড়ে পাঁচটায় মুখ্য বিচারিক হাকিম আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়।
এসপি আরও বলেন, পুলিশের দীর্ঘ তদন্ত এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে এটা নিশ্চিত বলা যায়, জেএমবিই হোসেন আলীকে হত্যা করে। এই হত্যাকাণ্ডে চারটি দলে বিভক্ত হয়ে ১০-১২ জন অংশ নেয়। মূল হত্যাকাণ্ডে অংশ নেয় তিনজন। এর মধ্যে প্রধান পরিকল্পনাকারী ও তথ্য সরবরাহকারী ছিলেন হোসেন আলীর বাড়ির ভাড়াটে আবুল বাশির। এটি তাঁর জেএমবির সাংকেতিক নাম। তাঁকে খুঁজছে পুলিশ। জেএমবির শীর্ষ পর্যায় থেকে বাশিরকে দায়িত্ব দেওয়া হয় কুড়িগ্রাম অথবা লালমনিরহাটে একটি হত্যাকাণ্ড ঘটানোর। লালমনিরহাটে ব্যর্থ হয়ে গত ২৫ ফেব্রুয়ারি কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়ায় মুক্তিযোদ্ধা হোসেনের বাড়ির একটি কক্ষ ভাড়া নেন বাশির। হোসেনের সঙ্গে তিনি সখ্য গড়ে তোলেন। হোসেন একদিন তাঁকে ধর্মান্তরিত হওয়ার ঘটনা জানান। এমনকি বাশিরকে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করতে বলেন। এরপরই তিনি শিকারে পরিণত হন।
সহকারী পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এর আগে গ্রেপ্তার আবু নাশির ওরফে রুবেল লালমনিরহাট সরকারি কলেজের বিএসএস প্রথম বর্ষের ছাত্র। মাহাবুব হাসান মিলন কুড়িগ্রাম সরকারি কলেজের বিএসসির ছাত্র। এ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই জেএমবির হত্যাকারী দলের সক্রিয় সদস্য।
মুক্তিযোদ্ধা হোসেন আলীকে ২২ মার্চ সকাল সাতটার দিকে নিজ বাড়ির সামনে গলা কেটে হত্যা করা হয়।