জেএমবির আরও একজন গ্রেপ্তার
রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম হত্যার সঙ্গে জড়িত সন্দেহে খয়বর হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দাবি করেন, খয়বর নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পীরগাছা উপজেলার ইউনিট কমান্ডার। তাঁর বিরুদ্ধে থানায় গত ৪ নভেম্বর বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়। খয়বরের বাড়ি পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের হাতীবান্ধা গ্রামে। ওই বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পারুল ইউনিয়নের পশ্চিম সুন্দর খুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ওসি জানান, কুনিও হোশি ও মাজারের খাদেম হত্যার ঘটনায় এর আগে গ্রেপ্তার হওয়া জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানার স্বীকারোক্তি অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি এসব হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে কুনিও হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আট দিনের রিমান্ডে থাকা জেএমবির আরেক সদস্য এছহাক আলীর আজ চার দিনের রিমান্ড শেষ হয়েছে। তাঁকে গত ৮ ডিসেম্বর রিমান্ডে নেওয়া হয়।
গত ৩ নভেম্বর দিবাগত রাতে পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের পশুয়া টাঙ্গাইল গ্রাম থেকে পীরগাছা ও কাউনিয়া উপজেলার জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাকে তাঁর বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। গত সোমবার মাসুদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কুনিও হোশি হত্যার কথা স্বীকার করেছেন। তাঁর স্বীকারোক্তিতে যে দুজনের নাম এসেছে, তাঁদের একজন এছহাক এবং অন্যজন খয়বর।
কুনিও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, খয়বরকে সন্দেহ করা হলেও এখনো এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।
গত ৩ অক্টোবর সকালে রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি। ১০ নভেম্বর রংপুরের কাউনিয়া উপজেলায় মাজারের খাদেম রহমত আলীকে কুপিয়ে হত্যা করা হয়।