জেএমবির এক সদস্যের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) মন্দিরে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য শরিফুল ইসলাম।
শরিফুল এ মামলায় গত শনিবার সন্ধ্যায় দিনাজপুরের মুখ্য বিচারক হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেদোয়ানুর রহিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জবানবন্দিতে শরিফুল নিজেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে পরিচয় দিয়েছেন।
শরিফুল এর আগে গত বৃহস্পতিবার দিনাজপুরের খ্রিষ্টান ধর্মযাজক পিয়েরো পিচমকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
শরিফুলের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুরে। ১০ ডিসেম্বর দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ ডহচি গ্রামের ইসকন মন্দিরে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ও বোমা হামলা করে। পালিয়ে যাওয়ার সময় শরিফুল জনতার হাতে ধরা পড়েন।