ময়মনসিংহে সিরিজ বোমা হামলার দায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমতাজ বেগম এই রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আসামি অপর আট জঙ্গিকে খালাস দিয়েছেন আদালত।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কাওসার আলম সুমন, ইউনুস মিয়া ওরফে কাওসার, মেহেদি হাবিব ওরফে রফিক ও আশরাফুল ইসলাম ওরফে শরিফ। এঁদের মধ্যে কাওসার আলম সুমন ও আশরাফুল ইসলাম ওরফে শরিফের বাড়ি ময়মনসিংহে।
আদালতের পেশকার কামাল আহমেদ প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
খালাসপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেএমবির শীর্ষ নেতা সালাহউদ্দিন ওরফে সালেহীন, জাকারিয়া আলম, আল মাসুম, হাবিবুল্লাহ, জায়েদুল্লাহ, রফিকুল ইসলাম, আজিজুল হক ও আমানুল্লাহ।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ক্যানটিনের পাশে সিরিজ বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় ময়মনসিংহের কোতোয়ালি থানার এসআই সজীব দত্ত বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রবিউল হক ২০০৫ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ মামলার রায় দেন।