জেএমবির তহবিল সংগ্রহ করাই ছিল উদ্দেশ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তহবিল সংগ্রহের জন্যই দিনাজপুরের তৃপ্তি ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনা ঘটানো হয়েছিল। ওই ঘটনায় জড়িত সন্দেহে আটক তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন। গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে তিনি বলেন, তিনজনই নিজেদের জেএমবির সদস্য বলে স্বীকার করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক গতকাল জানান, গত বুধবার বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম এফ এম এহসানুল হকের কাছে ১৬৪ ধারায় জাবানবন্দি দেন আহসানুল হাবিব, জোবায়ের হোসেন ও মোহাম্মদ সাদ্দাম। জবানবন্দি শেষে তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
১০ ডিসেম্বর রাতে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার নতুন ভুসিরবন্দর এলাকার তৃপ্তি ফিলিং স্টেশনে ডাকাতি করে ১ লাখ ৬৯ হাজার টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ধাওয়া দিয়ে দিনাজপুর সদরের রামডুবি পাঠানপাড়ার লোকজন সাব্বির হোসেন, মোহাম্মদ সাদ্দাম ও ওসমান গনিকে আটক করে পিটুনি দেয়। সে সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পিটুনির পর তাঁদের চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সাব্বির হোসেন মারা যান। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত আহসানুল হাবিব, জোবায়ের হোসেন শাহীনকে আটক করে। সে সময় তাঁদের কাছ থেকেও অস্ত্রশস্ত্র ও টাকা উদ্ধার করা হয়।
এসআই আব্দুল মালেক বলেন, ডাকাতির ঘটনায় জেএমবির নয়জন সদস্য অংশগ্রহণ করেন।
আহসানুল হাবিবের বাড়ি দিনাজপুর সদরের রাজবাটিতে, জোবায়ের হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফলের নারায়ণপুরে এবং সাদ্দাম হোসেনের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়।