টাঙ্গাইলের কালিহাতী থেকে গ্রেপ্তার জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন নারী সদস্যকে গত মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আদালত। গত সোমবার রাতে গ্রেপ্তার হওয়া ওই নারীদের স্বামীরা বিভিন্ন স্থানে গুপ্তহত্যায় জড়িত বলে দাবি করেছে পুলিশ।
কালিহাতী থানার পুলিশের দাবি, গ্রেপ্তার তিন নারী ও তাঁদের স্বামীরা দেশের বিভিন্ন স্থানে সংগঠিত গুপ্তহত্যাকাণ্ডে জড়িত। স্বামীদের আটকের বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করতে না চাইলেও বিভিন্ন গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র তাঁদের আটকের খবর নিশ্চিত করেছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. আখেরুজ্জামান বলেন, সোমবার রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে সংযোগ সড়কের পাশে যোকারচর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই তিন নারীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন রোজিনা বেগম, সাজিদা আক্তার ও জান্নাতি বেগম ওরফে জেমি।
কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. কুতুব উদ্দিন বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে তিন নারী এবং তাঁদের স্বামীদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, এঁরা দেশের বিভিন্ন স্থানে সংগঠিত গুপ্তহত্যায় জড়িত। রোজিনার স্বামীর নাম মোকসেদুল ইসলাম ওরফে মোজাম্মেল ওরফে হারেজ, সাজিদা আক্তারের স্বামীর নাম নজরুল ওরফে বাইক নজরুল ওরফে পারভেজ ওরফে হাসান এবং জান্নাতি বেগমের স্বামীর নাম আবু সাঈদ ওরফে সবুজ।
টাঙ্গাইল জেলা পুলিশের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, গ্রেপ্তার তিন নারীকে মঙ্গলবার টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ তিন দিনের রিমান্ডের আবেদন করে। বিচারক তাঁদের জেলা হাজতে পাঠানোর আদেশ দেন।
জেএমবির তিন নারী সদস্যকে সোমবার রাতে গ্রেপ্তারের কথা বলা হলেও স্থানীয় একাধিক সূত্র জানায়, তাঁদের প্রায় দুই সপ্তাহ আগে যোকারচরের ওই বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। সঙ্গে আরও কয়েকজনকে ধরে নিয়ে যায় সাদাপোশাকের পুলিশ। জানতে চাইলে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. আখেরুজ্জামান এবং জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেলা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র নিশ্চিত করেছে, গ্রেপ্তার নারী সদস্যদের স্বামীদেরও পুলিশ আটক করেছে। তাঁদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদে তাঁরা টাঙ্গাইলের গোপালপুরে দরজি নিখিল জোয়ারদার, পাবনায় অনুকূল ঠাকুরের আশ্রমের পুরোহিত, নাটোরে খ্রিষ্টান ব্যবসায়ী, গাইবান্ধায় জুতা ব্যবসায়ী, কুষ্টিয়ায় হোমিও ডাক্তার এবং কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিষ্টান ব্যক্তিকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ বলছে, এই দলটি গাইবান্ধার সাঘাটা উপজেলার রাঘবপুর গ্রামের জাহাঙ্গীর ওরফে রাজিব গান্ধী ওরফে শান্তর নেতৃত্বে কাজ করত।
নওগাঁর গ্রেপ্তার একজন: এদিকে নওগাঁ জেলার আত্রাইয়ে জেএমবির আরেক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. মুঞ্জুরুল ইসলাম ওরফে মিলন (৪২)। আত্রাই থানার পুলিশ গত শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বারুনীতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার মহাদীঘি গ্রামের মো. আবদুল মালেক মহুরীর ছেলে।
আত্রাই থানার ওসি বদরুদোজ্জা জানান, মুঞ্জুরুল ইসলাম ২০০৪ সালে জেএমবি নেতা বাংলা ভাইয়ের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নেন। তাঁর বিরুদ্ধে আত্রাই থানায় বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে পাঁচটি মামলা রয়েছে।