জেএমবির দুই সদস্য আটক
নওগাঁ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে আটক করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল। সারা দেশে জঙ্গিবিরোধী অভিযানে অংশ নেয় এই দল। তাদের অভিযানের অংশ হিসেবে নওগাঁ থেকে দুই জেএমবি সদস্যকে আটক করা হয়।
বগুড়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে মোশাররফ হোসেন (২৭) নামের একজনকে আটক করা হয়। তাঁর বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিকে রাত একটার দিকে পৃথক আরেকটি অভিযান চালানো হয়। ওই অভিযানে নওগাঁ নিয়ামতপুর উপজেলার বালিচাদ গ্রামে শ্বশুরবাড়ি থেকে জামিনুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জামিনুরের কাছ থেকে বিদেশি পিস্তলসহ ছয়টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডলের দাবি, মোশাররফ হোসেন জেএমবির ইসাবা (কিলিং) গ্রুপের সদস্য। তিনি বর্তমান রংপুর রাজশাহী অঞ্চলের শীর্ষ নেতা ইয়ামিন ওরফে শহীদুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী। আটক জামিনুর তাঁর সহযোগী। তিনি জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। তাঁদের নিয়ামতপুর থানায় হস্তান্তর ও মামলা করার প্রক্রিয়া চলছে।