জেএমবির দুই সদস্যসহ তিন জেলায় গ্রেপ্তার ৩৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী ধানশাইল ইউনিয়নের চকপাড়া গ্রাম থেকে গতকাল শনিবার ভোরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া সাতক্ষীরায় গত শুক্রবার সকাল থেকে গতকাল সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার ৩৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে শুক্রবার সকালে উপজেলা ছাত্রশিবিরের সভাপতিকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
শেরপুর: পুলিশ সূত্রে জানা গেছে, জেএমবির একসময়ের শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইয়ের খাদেম হিসেবে পরিচিত সাজেদুল ইসলাম ওরফে সাদ্দাম (২৭) গাজীপুরের জয়দেবপুরের মুন্সীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাঁর গ্রামের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়। সাদ্দাম বাড়িতে অবস্থান করছেন—এমন খবর পেয়ে গতকাল ভোরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী একই গ্রাম থেকে পুলিশ জেএমবির আরেক সদস্য আমিনুল ইসলামকে (২০) গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে জিহাদি বইসহ জেএমবির বেশ কিছু প্রচারপত্র (লিফলেট) জব্দ করে। সাদ্দাম ওই গ্রামের জামাল উদ্দিন মিস্ত্রির ছেলে ও আমিনুল আশরাফ আলীর ছেলে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন শিকদার গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, সাদ্দাম ও আমিনুলের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।
সাতক্ষীরা: পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত পরিচালিত পুলিশের অভিযানে জেলার আটটি থানার বিভিন্ন স্থান থেকে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া, তালা, আশাশুনি, দেবহাটা ও পাটকেলঘাটায় দুজন করে, কালিগঞ্জে ছয়জন এবং শ্যামনগর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, ওই ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গতকাল তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
পাটগ্রাম (লালমনিরহাট): পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, লালমনিহাট সদর ও পাটগ্রাম থানায় পৃথক দুটি নাশকতার মামলার আসামি পাটগ্রাম উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সোয়েব আহম্মেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় গ্রামে সোয়েবের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গতকাল তাঁকে ওই মামলা দুটিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।