জেএমবির দুজন 'বন্দুকযুদ্ধে' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের কালশীতে গতকাল মঙ্গলবার ভোরে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত দুজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য এবং তাঁদের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর অন্যতম ‘খুনি’।
পুলিশ বলেছে, নিহত দুজন হলেন তারেক হোসেন মিলু ওরফে ইলিয়াস ওরফে ওসমান ও সুলতান মাহমুদ ওরফে রানা ওরফে কামাল। তারেকের বাড়ি জয়পুরহাটে এবং সুলতানের বাড়ি দিনাজপুরে। চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম গত রোববার সকালে দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার ৪৮ ঘণ্টারও কম সময় পর এই ‘বন্দুকযুদ্ধ’ ঘটল।
গতকাল মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট সংবাদ সম্মেলনে বলেছে, জঙ্গিদের ঢাকায় ঢোকার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল কালশীতে যায়। সেখানে লোহার ব্রিজ এলাকায় ভোর সাড়ে চারটায় জঙ্গিরা ডিবিকে লক্ষ্য করে গুলি করে। ডিবি পাল্টা গুলি চালায়। দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ তারেক ও সুলতান গুরুতর আহত হন, অন্যরা পালিয়ে যান। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন। নিহত দুজনের কাছ থেকে একটি পিস্তল, তিনটি বুলেট ও তিনটি বোমা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, তারেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করেন। তিনি ওই হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া দিনাজপুরের কাহারোলের হামলার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। রেজাউল করিমকে হত্যার ঘটনায় যাঁরা গ্রেপ্তার হয়েছিলেন, তাঁরাও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁর নাম বলেছেন।
মনিরুল ইসলাম বলেন, তারেক উত্তরাঞ্চলে জেএমবির একজন প্রভাবশালী নেতা। হত্যার ঘটনার অন্যতম পরিকল্পনাকারীও ছিলেন তিনি। সুলতান মধ্যম সারির একজন নেতা। রাজশাহীর বাগমারায় শিয়া মসজিদে তিনি গুলি ছুড়েছিলেন। এ সম্পর্কেও পুলিশের কাছে তথ্য আছে। তিনি বলেন, হোসেনি দালান ও পুলিশ সদস্যদের ওপর হামলার পর জেএমবির সদস্যদের অনেকেই ঢাকা ছেড়েছিলেন। দেশের বিভিন্ন জায়গায় হামলা চালানোর পর জেএমবির সদস্যরা আবারও ঢাকায় ঢোকার চেষ্টা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য আছে। এরই অংশ হিসেবে বড় কোনো নাশকতার পরিকল্পনা নিয়ে এই দুজন ঢাকায় ঢোকার চেষ্টা করছিলেন।
বেলা দেড়টায় ঢাকা মেডিকেল কলেজের মর্গে তারেক ও সুলতানের লাশ দেখা যায়। দুজনের পরনেই ছিল লুঙ্গি ও শার্ট। তখনো পর্যন্ত তাঁদের কোনো স্বজন মর্গে যাননি। মর্গ সূত্র বলেছে, ভোর ছয়টায় পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসাইন দুজনের লাশ রেখে গেছেন। তবে তাঁদের কারও নাম-পরিচয় বলা হয়নি।
জানতে চাইলে উপপরিদর্শক ফারুক হোসাইন প্রথম আলোকে বলেন, ভোরে কালশীর নতুনবাজার এলাকায় তিনি মোবাইল টিমের দায়িত্ব পালন করছিলেন। এ সময় ওয়্যারলেসে বলা হয়, কালশী লোহার ব্রিজ-সংলগ্ন জায়গায় পুলিশের সঙ্গে দুষ্কৃতকারীদের গোলাগুলি হচ্ছে। তাঁরা ১০ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে দেখেন, রাস্তার পাশে দুজনের গুলিবিদ্ধ দেহ পড়ে আছে। সেখানে ডিবির ৮-১০ জন সদস্য ছিলেন। ওই দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলা হয়। ঘণ্টাখানেক পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
উপপরিদর্শক ফারুক বলেন, ঘটনাস্থলটি মূলত নির্জন স্থান। এর এক পাশে মাছের ঘের এবং অন্য পাশে খাল-নালা। ঘটনাস্থল থেকে লোকালয় বেশ খানিকটা দূরে।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল বলেন, জঙ্গি হামলার পেছনে ইন্ধন আছে। একটি পক্ষ দেখাতে চায়, সরকার সংখ্যালঘু ও ভিন্ন মতাবলম্বীদের সুরক্ষা দিতে পারছে না। যুদ্ধাপরাধের বিচার যারা চায় না, তাদের যোগসূত্র নেই, এমন বলারও অবকাশ নেই। যারা যুদ্ধাপরাধের বিচার চায় না ও সরকারকে ব্যর্থ দেখাতে চায়, তারা এসব হামলার পেছনে থাকতে পারে। জঙ্গি হামলার পেছনে যে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত আছে, সেটি বের করার চেষ্টা করছে গোয়েন্দা বিভাগ। তিনি বলেন, পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রীকে খুন করে পুলিশের মনোবল ভাঙা যাবে না।