জেএমবির পাঁচ সদস্য আটক, রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া (শিল্পপাড়া) এলাকা থেকে আজ শুক্রবার সকালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে পুলিশ ওই পাঁচজনকে গোবিন্দগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম এসএম তাসকিনুলের আদালতে হাজির করে দশদিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গ্রেপ্তার জেএমবি সদস্যরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের সাইফুল ইসলাম (২৯), সাহিদ মিয়া (১৮) ও হায়দার আলী (২০), গোবিন্দগঞ্জ পৌরসভার ঝিলপাড়া এলাকার ওমর ফারুক এবং বকচর এলাকার রতন মিয়া (২৩)।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম বেশ কিছুদিন ধরে বুজরুক বোয়ালিয়া শিল্পপাড়া এলাকার আতাউর রহমানের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। আজ সকালে তার নেতৃত্বে জেএমবির ১৫ থেকে ২০ জন সদস্য নাশকতা চালানোর জন্য ওই বাড়িতে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে জেএমবির ওই পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুন্নবী সরকার বাদী হয়ে গ্রেপ্তার পাঁচজনসহ আরও কয়েকজনকে আসামি করে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পাঁচজন জেএমবির কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।