জেএমবির প্যাডে চিঠি পাঠিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া গ্রামের এক ব্যবসায়ীর বাড়ির ফটকে জেএমবির ছাপানো প্যাডে লেখা একটি চিঠি পাওয়া গেছে। ওই চিঠিতে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ওই গ্রামের ব্যবসায়ী হাসান আলীর বাড়ির ফটকে চিঠিটি পাওয়া যায়।
চিঠিতে লেখা রয়েছে, ‘হাসান সাহেব, আমরা জেএমবির লোক। লৌহজং থানায় আমাদের ২৫ জন লোক আছে। তাদের খরচের জন্য আমাদের দুই লাখ টাকা দিতে হবে। আমরা খবর নিয়ে জানতে পেরেছি, আপনি আল্লাহভক্ত লোক এবং দানশীল। তাই আমাদের দাবি দুই লাখ টাকা দিতে হবে। অন্য মানুষ হলে পাঁচ লাখ টাকা চাইতাম। আমাদের কথা অবহেলা করলে মারা পড়বেন। আমাদের কথা যদি কাউকে জানান, পুলিশ অথবা এলাকাবাসী, তাহলে আমরা খবর পেয়ে যাব। কারণ থানায় আমাদের লোক আছে। আপনার গ্রামে আমাদের চারজন সদস্য আছে। তাই কোনো রকম চালাকি করবেন না, আগামী তিন দিনের মধ্যে আমাদের টাকা দিতে হবে। টাকা না পেলে আমরা আপনার বউ, বাচ্চা মেরে ফেলব।’
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘আমরা মানুষ গুলি করে মারি না, আমরা বোমা বিস্ফোরণ ঘটাই। তিন দিনের মধ্যে টাকা জোগাড় রাখবেন। আমরা সময়মতো টাকা নিতে আসব। আপনি কোন পথে চলাফেরা করেন, আমাদের লোক সব খেয়াল রাখে। কখন ব্যাংকে যান, কখন বাসায় যান। তাই বউ-বাচ্চার মায়া থাকলে টাকাটা সময়মতো দিয়ে দিবেন। টাকা নিয়ে কোনো রকম চালাকি করবেন না। ভালো থাকবেন। বোমা বিস্ফোরণ থেকে সাবধান!’
হাসান আলী জানান, চিঠিটি পাঠানোর পর ০১৯২৮৯৮৬০৩৬ নম্বর থেকে দুর্বৃত্তরা বেশ কয়েকবার ফোন দিচ্ছে টাকাটা যায়গামতো পৌঁছে দেওয়ার জন্য। এ ঘটনায় তিনি গতকাল দুপুরে লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হাসান আলী জানান, তিনি ১৫ বছর সৌদি আরবে বসবাস করেছেন এবং দুই বছর হলো দেশে এসেছেন। উপজেলার জোড়পুল বাজারে একটি হার্ডওয়ারের দোকান দিয়েছেন তিনি।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন প্রথম আলোকে জানান, যে মুঠোফোন নম্বর থেকে হাসান আলীর মুঠোফোনে কল করা হয়েছে। সেটির কলের তালিকা সংগ্রহ করা হয়েছে। অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।