জেএমবির ভারপ্রাপ্ত আমিরসহ গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আশুলিয়া থেকে গ্রেপ্তার হওয়া জেএমবির সাত সদস্য। ছবিটি মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারের সামনে থেকে তোলা। ছবি: হাসান রাজা
রাজধানীর আশুলিয়া থেকে গ্রেপ্তার হওয়া জেএমবির সাত সদস্য। ছবিটি মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারের সামনে থেকে তোলা। ছবি: হাসান রাজা

রাজধানীর আশুলিয়া এলাকা থেকে জামাআতুল মুজাহি​দিন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির তাসনিমসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জেএমবির একাংশের ভারপ্রাপ্ত আমির আবদুল্লাহ আল তাসনিম, সক্রিয় সদস্য মো. নাঈম আলী, সিকান্দার আলী, মাহমুদ ইবনে বাশার, মো. মাসুম বিল্লাহ, ফুয়াদ হাসান ও আলী আহম্মদ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে গোয়েন্দা পুলিশের (উত্তর) সহকারী কমিশনার মো. মিনহাজুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার ল্যান্ডিং স্টেশনের পার্কিং থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০ কেজি জেলমিশ্রিত রাসায়নিক পদার্থ, চারটি পিতলের মূর্তি, উগ্র জঙ্গি তৎপরতা উদ্বুদ্ধকরণের বেশ কিছু বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া সেন্টারে আজ শুক্রবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের ওপর হামলার পরিকল্পনা ছিল তাঁদের। তাঁদের লক্ষ্য ছিল, এই হামলা করা হলে ঝিমিয়ে পড়া জেএমবির মনোবল চাঙা হবে। মধ্যপ্রাচ্যে আইএসের (ইসলামিক স্টেট) সঙ্গে যোগাযোগ স্থাপন করে সম্পর্ক সুদৃঢ় করেছে বলে তাঁরা দাবি করেছেন।

মনিরুল ইসলামের ভাষ্য, গ্রেপ্তার হওয়া সাতজনের বিরুদ্ধে তুরাগ থানায় দুটি মামলা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে। তিনি জানান, তাসনিমের বিরুদ্ধে এর আগে প্রায় ২০টির মতো মামলা আছে। তিনি ১৭ আগস্ট গ্রেনেড হামলা মামলারও আসামি। তাঁর বড় ভাই আবদুল্লাহ আল সোহাইল গাজীপুর আদালতে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি।