জেএমবির সদস্য তিন সহোদর গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তামিম-সারওয়ার গ্রুপের সদস্য তিন সহোদরকে গ্রেপ্তার করেছেন র্যাব-১২–এর সদস্যরা। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল বটতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উল্লাপাড়া উপজেলার তিন ভাই জেএমবির পলাতক সদস্য নাজিবুল বাশার ওরফে নাজিম (৩০), আবদুল্লাহ বিন মাকসুদ ওরফে মাসুদ রানা (৩২) ও মামুনুর রহমান রশীদ ওরফে মামুন (৩৮)।
র্যাব-১২–এর সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহমেদ জানান, ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর ভোরে সলঙ্গা থানার এরান্দহ গ্রামে জেলা জেএমবির শায়েখ জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালায় সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় শায়েখ জয়নাল আবেদীন ও তাঁর দুই ছেলেসহ জেএমবির চার সদস্যকে আটক করে ৫০টি জিহাদি বই, ১০টি ককটেল, পাঁচ শতাধিক বোমা তৈরির স্প্লিন্টার, এক প্যাকেট গানপাউডার, চার কেজি ভাঙা কাচ উদ্ধার করে। পরে তাঁদের জিজ্ঞাসাবাদে নাজিম, মামুন ও মাসুদের জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। পরে এ মামলায় তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্রও দাখিল করে। তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের সলঙ্গা থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।