জেএমবির বন্দী আমিরের ছেলেসহ আটজন গ্রেপ্তার: পুলিশ
কারাগারে বন্দী নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আমির মাওলানা সাইদুর রহমানের ছেলেসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম দাবি করেন, গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় একটি মেসে পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা ও মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের যৌথ অভিযানে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবু তালহা মোহাম্মদ ফাহিম ওরফে পাখি, শফিকুল ইসলাম, রুহুল আমিন, এমদাদুল হক, রফিক আহমেদ ওরফে রয়েল, মো. মোস্তফা, সাখাওয়াত উল্লাহ ও আলী আশরাফ রাজীব।
ডিএমপির ওই যুগ্ম কমিশনারের দাবি, আবু তালহা মোহম্মদ ফাহিম ওরফে পাখি মাওলানা সাইদুর রহমানের ছেলে। বাবা কারাগারে থাকায় তিনি জেএমবির ভারপ্রাপ্ত আমির হিসেবে কাজ করে। বাকি সাতজনও জেএমবি সদস্য। অভিযান চলাকালে তাঁদের কাছ থেকে জেএমবি সংগঠনের জিহাদি বই, প্রচারপত্র, জঙ্গি প্রশিক্ষণ ভিডিও, ১০টি মুঠোফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
মনিরুল ইসলাম দাবি করেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনার কথা জানিয়েছে। এ ছাড়া ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তারা মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে বলে জানা গেছে।
ডিএমপির ওই যুগ্ম কমিশনারের দাবি, ফাহিমের বিরুদ্ধে রাজশাহী ও হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। ওই আটজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।