জেএমবির সন্দেহভাজন নারী সদস্যের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতী স্কোয়াডের সন্দেহভাজন নারী সদস্য আছিয়া খাতুন ওরফে আকলিমার (২৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, গত শনিবার মধ্যরাতে জেলার সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সন্দেহভাজন নারী সদস্য আছিয়া খাতুন ওরফে আকলিমাকে আটক করে গোয়েন্দা পুলিশ। তাঁকে কাজীপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। গত রোববার তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আজ শুনানি শেষে বিচারক তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আছিয়া সম্প্রতি পুলিশের যৌথ অভিযানে গাজীপুরের পাতারটেকে নিহত জেএমবির ঢাকা অঞ্চলের সামরিক কমান্ডার ফরিদুল ইসলাম আকাশের ঘনিষ্ঠ সহচর। গত সেপ্টেম্বর মাসে ফরিদুলের মা ও দুই বোনকে গ্রেপ্তারের পর তাঁদের দেওয়া তথ্যমতে, আছিয়াকে অাটকের পর গ্রেপ্তার দেখানো হয়।