দিনাজপুরের কাহারোলে গত বছরের ডিসেম্বরে কান্তজিউ রাসমেলায় বোমা বিস্ফোরণ এবং ইসকন মন্দিরে হামলার ঘটনায় জেএমবির ১৭ সদস্যকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ৫ ও ১০ ডিসেম্বর ঘটনা দুটি ঘটে। মোট ১৭ জন আসামির মধ্যে ৯ জন গ্রেপ্তার এবং বাকি ৮ জন পলাতক।
মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবি পুলিশের (এসআই) মো. বজলুর রশিদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ৫ ডিসেম্বর কাহারোল উপজেলার কান্তজিউর রাসমেলায় যাত্রাপালা চলাকালে রাত আড়াইটার দিকে প্যান্ডেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয়জন গুরুতর আহত হন।
মো. বজলুর রশিদ বলেন, ওই ঘটনায় কাহারোল থানার পুলিশ বাদী হয়ে মামলা করে। ঘটনা তদন্ত করে জেএমবির ৯ জন সদস্যকে অভিযুক্ত করে গত ৩০ জুন মামলা দুটির অভিযোগপত্র আদালতে জমা দেয় দিনাজপুর পুলিশ। এ মামলায় অভিযুক্ত ৯ জনের মধ্যে ৫ জন গ্রেপ্তার হয়েছেন এবং ৪ জন পলাতক।
গত ১০ ডিসেম্বর রাতে কীর্তন চলার সময় উপজেলার ইসকন মন্দিরে বোমা হামলার ঘটনায় দুজন আহত হন। তদন্তকারী কর্মকর্তা মো. বজলুর রহমান বলেন, ওই ঘটনায় জেএমবির ৮ সদস্যকে অভিযুক্ত করে বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে পৃথক দুটি অভিযোগপত্র ৩০ জুন দিনাজপুর আদালতে জমা দিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তা জানান, দুটি মামলায় অভিন্ন ৮ আসামির মধ্যে ৪ জন গ্রেপ্তার এবং ৪ জন পলাতক।