বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে তিন জেএমবি সদস্যের বিরুদ্ধে সাত বছর আগে করা মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে খাগড়াছড়ির বিশেষ ট্রাইব্যুনাল-১-কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন তিন মাস পর আদালতে দাখিল করতে বিচারককে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই মামলায় এক আসামির জামিন চেয়ে করা আপিল শুনানির জন্য গ্রহণ করে গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
২০০৯ সালে করা ওই মামলায় সাক্ষী হাজির করতে খাগড়াছড়ির পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেট, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংশ্লিষ্ট আদালতের পিপিকে (রাষ্ট্রপক্ষের কৌঁসুলি) কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেছেন, এতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার শান্তিপুর গ্রামের পাহাড়ি এলাকায় জেএমবির প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার অভিযোগে আবদুর রহিম, দেলোয়ার হোসেন ও ইউনুস আলীকে গ্রেপ্তার করে র্যাব-৭। একই দিন মাটিরাঙ্গা থানায় এ তিনজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ২০১০ সালের ২৮ অক্টোবর ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই মামলায় নিম্ন আদালতে ইউনুস আলীর জামিন নামঞ্জুর হয়। এরপর তিনি জামিন চেয়ে হাইকোর্টে আপিল করেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।