জেএমবির ৪ নারী আত্মঘাতী সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একই পরিবারের মা, দুই মেয়েসহ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতী দলের চার নারী সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাত তিনটার দিকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম বড়ইতলা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আবু সাঈদের স্ত্রী ফুলেরা খাতুন (৪৫) ও তাঁর দুই মেয়ে সাকিলা খাতুন (১৮), সালমা খাতুন (১৬) এবং রফিকুল ইসলামের স্ত্রী মোছা. রাজিয়া (৩৫)। এ সময় ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়।
আজ সোমবার বেলা দেড়টায় সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, গ্রেপ্তার হওয়া সবাই জেএমবির আত্মঘাতী দলের সদস্য। জেএমবি নেতা ফরিদুলের বাড়িতে জেলার বিভিন্ন এলাকায় নাশকতা করার লক্ষ্যে গোপন বৈঠক করছিলেন তাঁরা। ফরিদুল জেএমবির একজন উচ্চপর্যায়ের সদস্য। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মিরাজ উদ্দিন আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। সেখানে বৈঠক করা অবস্থায় তাঁদের গ্রেপ্তার করা হয়। সেখান থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, কম্পিউটার উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, জেএমবি সদস্য সংগ্রহ করার চেষ্টা করছিলেন তাঁরা। সংগঠনের হাই কমান্ডের নির্দেশ পেলেই ফিদায়ি হামলা, অর্থাৎ আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। মানসিকভাবে তাঁদের সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছিল। নির্দেশ পাওয়া মাত্র তাঁরা আত্মঘাতী হামলা চালাতেন।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জেএমবির সদস্য বলে স্বীকার করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: