জেএমবির ৭ সদস্য ২ দিনের রিমান্ডে
রাজধানীর তুরাগ থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির তাসনিমসহ সাতজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া অন্য ছয় আসামি হলেন জেএমবির সক্রিয় সদস্য মো. নাঈম আলী, সিকান্দার আলী, মাহমুদ ইবনে বাশার, মো. মাসুম বিল্লাহ, ফুয়াদ হাসান ও আলী আহম্মদ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে গোয়েন্দা পুলিশের (উত্তর) সহকারী কমিশনার মো. মিনহাজুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার ল্যান্ডিং স্টেশনের পার্কিং থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০ কেজি জেলমিশ্রিত রাসায়নিক পদার্থ, চারটি পিতলের মূর্তি, উগ্র জঙ্গি তৎপরতা উদ্বুদ্ধকরণের বেশ কিছু বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া সেন্টারে আজ শুক্রবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের ওপর হামলার পরিকল্পনা ছিল তাঁদের। তাঁদের লক্ষ্য ছিল, এই হামলা করা হলে ঝিমিয়ে পড়া জেএমবির মনোবল চাঙা হবে। মধ্যপ্রাচ্যে আইএসের (ইসলামিক স্টেট) সঙ্গে যোগাযোগ স্থাপন করে সম্পর্ক সুদৃঢ় করেছে বলে তাঁরা দাবি করেছেন।
মনিরুল ইসলামের ভাষ্য, গ্রেপ্তার হওয়া সাতজনের বিরুদ্ধে তুরাগ থানায় দুটি মামলা হয়েছে। তিনি জানান, তাসনিমের বিরুদ্ধে এর আগে প্রায় ২০টির মতো মামলা আছে। তিনি ১৭ আগস্ট সারা দেশে একযোগে চালানো বোমা হামলা মামলারও আসামি। তাঁর বড় ভাই আবদুল্লাহ আল সোহাইল গাজীপুর আদালতে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি।
আরও পড়ুন:
জেএমবির ভারপ্রাপ্ত আমিরসহ গ্রেপ্তার ৭