জেএমবির 'আইটি প্রধান'সহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএমবির ‘সারওয়ার-তামিম’ গ্রুপের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধানসহ চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যা ব। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে যাত্রাবাড়ীর দনিয়ায় পরিচালিত এক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। আইটি বিভাগের ওই প্রধানের নাম আশফাক-ই-আজম (আপেল)।
চার জঙ্গি ছাড়াও গত মঙ্গলবার দিবাগত রাতে পরিচালিত অভিযানে র্যা ব অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে। উদ্ধার করা মালামালের মধ্যে আছে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ২১টি গুলি, ৭টি ছুরি, প্রায় ৩ কেজি পরিমাণ বিস্ফোরক গুঁড়া, ৫টি পাওয়ার জেল, ৭টি মুঠোফোন, ৩টি ইলেকট্রিক ডেটোনেটর, ২টি সার্কিট ব্রেকার, ৬ প্যাকেট বিয়ারিং বল, বৈদ্যুতিক তার ও বোমা তৈরির সরঞ্জাম।
এদিকে আশফাক-ই-আজমের পারিবারিক সূত্র ও পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আশফাক-ই-আজমকে আরও আগেই আটক করা হয় তাঁর রংপুরের বৈরাগীপাড়ার বাসা থেকে। এর আগে আশফাকের ছোট ভাই আজহার-উল-হান্নান ওরফে অরেঞ্জকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট। আজহার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে পাস করে চট্টগ্রামে প্রশিক্ষণে ছিলেন। তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। পুলিশের জিজ্ঞাসাবাদে আজহার তাঁর ভাইয়ের জঙ্গিবাদে উদ্বুদ্ধ ও আটক হওয়ার কথা জানান। তবে আশফাক শোলাকিয়ার ঈদ জামাতে হামলার পর জঙ্গি-সংশ্লিষ্টতা থেকে সরে এসেছিলেন বলে পুলিশের কাছে দাবি করেন আজহার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আশফাককে তুলে নেওয়ার পর তাঁরা রংপুর কোতোয়ালি থানায় মামলা করেছিলেন। তবে কোতোয়ালি থানা এ তথ্য নিশ্চিত করতে পারেনি।
তবে র্যা ব বলছে, আশফাক জেএমবির বিভিন্ন সাইট ডিজাইন করা এবং জঙ্গি সংগঠনটির শীর্ষ নেতাদের বিভিন্ন অ্যাপ ব্যবহার করে যোগাযোগের প্রশিক্ষণ দিয়েছেন। র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘সারওয়ার-তামিম গ্রুপের আত্মপ্রকাশের পর সারওয়ার আশফাককে মোস্তাফিজুর রহমান সিফাতের সঙ্গে আইটি বিভাগে কাজ করার আহ্বান জানান। র্যা ব মোস্তাফিজকে গ্রেপ্তার করলে আইটি বিভাগের দায়িত্ব নেন আশফাক। আইটি বিশেষজ্ঞ হিসেবে তিনি জেএমবির ওপরের সারির নেতাদের থ্রিমা, টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে যোগাযোগের প্রশিক্ষণ দিতেন। ওপরের সারির ওই নেতাদের অনেকেই ইন্টারনেট ও মোবাইল ব্যবহারে দক্ষ ছিলেন না।’
র্যা বের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আশফাক-ই-আজমের বাড়ি রংপুরের কামালকাছনার বৈরাগীতলায়। তিনি ধানমন্ডির ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে ২০১২ সালে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাস করেন। তিনি গুলশান, উত্তরা ও মোহাম্মদপুরে বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে প্রোগ্রামার হিসেবে কাজ করতেন। র্যা বের সঙ্গে একপর্যায়ে ‘মানিক’ নামে একজনের সখ্য হয়। তবে এই মানিক যে সারওয়ার, তা আশফাক জানতেন না। আশুলিয়ায় র্যা বের অভিযানে সারওয়ার নিহত হওয়ার পর তিনি তা জানতে পারেন।
চারজনই অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেন
র্যা বের দাবি, আশফাক অস্ত্র চালাতে জানেন। আশফাক ছাড়াও গ্রেপ্তার তিনজন হলেন বগুড়ার মো. মাহবুবুর রহমান ওরফে রমি, ঝিনাইদহের মো. শাহিনুজ্জামান ওরফে শাওন ও জামালপুরের মো. আশরাফ আলী। তাঁরা সবাই চট্টগ্রামে অস্ত্র চালনার প্রশিক্ষণ পান। তাঁদের মধ্যে শাহিনুজ্জামান (৩০) ২০১৫ সালের শেষ দিকে চট্টগ্রামে অস্ত্র প্রশিক্ষণের সময় অসতর্কতায় গুলিবিদ্ধ হন।