জেএমবির 'দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির'সহ পাঁচ জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর থেকে পাঁচ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যা ব। এদের মধ্যে একজন রাশেদুজ্জামান রোজ জেএমবির দক্ষিণাঞ্চলের ভারপ্রাপ্ত আমির ও মহিলা কর্মীদের প্রশিক্ষক বলে দাবি করেছে র্যা ব। গ্রেপ্তার হওয়া বাকি চারজন হলেন চট্টগ্রামের একটি মসজিদের ইমাম ও আহলে হাদিসের সেক্রেটারি আবদুল হাই, জেএমবির ‘আত্মঘাতী স্কোয়াডের’ সদস্য শাহাবুদ্দিন, বইয়ের দোকানের মালিক ফিরোজ আহমেদ ও স্টেশনারি ব্যবসায়ী সাইফুল ইসলাম।
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী ও হাজীর পুকুর এলাকা থেকে অভিযান চালিয়ে উল্লিখিত পাঁচজনকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল বুধবার সকালে র্যা ব-১ সংবাদ সম্মেলনে জানায়।
গত ২১ জুলাই র্যা ব গাজীপুরের টঙ্গী থেকেই মাহমুদুল হাসান ওরফে তানভীর নামের একজনকে গ্রেপ্তার করে। তখন দাবি করা হয়, মাহমুদুল হাসান ‘নতুন ধারার জেএমবি’র দক্ষিণাঞ্চলীয় শাখার আমির। ১৫ আগস্ট র্যা ব সন্দেহভাজন চার নারীকে গ্রেপ্তার করে। মাহমুদুল হাসানই তাঁদের উগ্র মতাদর্শে উদ্বুদ্ধ করেছিলেন বলে দাবি করা হয় তখন। গতকাল র্যা বের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ জানান, মাহমুদ হাসানসহ চার জঙ্গির কাছে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যা ব গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীতে অভিযান চালায়। অভিযানে রাশেদুজ্জামান রোজসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যা ব হাজীর পুকুর এলাকায় একটি বইয়ের দোকান ও একটি স্টেশনারি দোকানে অভিযান চালিয়ে মালিক ফিরোজ আহমেদ ও সাইফুলকে আটক করে। দোকান দুটিতে ধর্মীয় বইয়ের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুটি পিস্তল, ছয়টি গুলি ও তিনটি হাতবোমা এবং বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, বোমা তৈরির সরঞ্জাম, বোমা তৈরির কলাকৌশল-সংবলিত খাতা, দেশীয় অস্ত্রসহ জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। গতকাল দুপুরে পুলিশ সুপার মাহবুব আলম সংবাদ সম্মেলনে বলেন, গত মঙ্গলবার রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা ও বল্লভবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন মধুপুরের ব্রাহ্মণবাড়ী গ্রামের ছমেদ আলীর ছেলে জুয়েল মিয়া (২৬) ও বগুড়া জেলার শেরপুর উপজেলার বাগরা কলোনি এলাকার জয়নাল আবেদীনের ছেলে আবু সাইদ ওরফে সবুজ (২৪)।