জেএসএস-ইউপিডিএফ বন্দুকযুদ্ধে নিহত ২
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জীবতলী ও রাবার বাগান গ্রামে গতকাল মঙ্গলবার বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্র জানায়, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সঙ্গে জনসংহতি সমিতি (সন্তু) বা জেএসএসের লোকজনের মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়। জেএসএসের অপর একটি পক্ষের (এমএন লারমা) লোকজনও এ সময় ইউপিডিএফের পক্ষে ছিল। সংঘর্ষ চলে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত। এতে জনসংহতি সমিতির (সন্তু) পক্ষের মারিশ্যা ইউনিয়নের কদমতলী গ্রামের শ্যামল চাকমা (৩৫) নামে একজন নিহত হন। পরে রাত নয়টার দিকে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাঁর নাম সুমন চাকমা (২৮)। তিনি এমএন লারমার পক্ষের লোক। অপর আহত ব্যক্তিও এমএন লারমার পক্ষের। তবে তিনজনের একজনকেও ঘটনাস্থল থেকে উদ্ধার করা যায়নি। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম জানা যায়নি।
বিজিবির মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম জানান, তাঁর নেতৃত্বে বিজিবির দুটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ৬৬ রাউন্ড তাজা গুলি, ৮২টি গুলির খোসা, একটি ম্যাগাজিন ও একটি মোবাইল সেট উদ্ধার করেছে। তিনি বলেন, ‘পরে অন্য পাশে থাকা জলপাই রঙের পোশাক পরা একটি মৃতদেহ দেখতে পায়। সেটি উদ্ধার করতে গেলে আমাদের ওপর সন্ত্রাসীরা গুলি করে। আমরাও পাল্টা গুলি করতে বাধ্য হই। লাশ উদ্ধার করা আমাদের সম্ভব হয়নি। এ সময় একজনকে আহত দেখতে পাই। পুলিশকে লাশ উদ্ধার করার জন্য বলা হয়েছে।’ রবিউল ইসলাম বলেন, দ্বিমুখী সংঘর্ষের সময় সহস্রাধিক রাউন্ড গোলাগুলি হয়েছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, ‘ঘটনাস্থলে লাশ উদ্ধার করতে গেলে আমাদের ওপর গুলি ছোড়া হয়।’