জেএসসি পরীক্ষা শেষে শ্বশুরবাড়ি গেল মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী ছিল মেয়েটি (১৩)। সব বিষয়ের পরীক্ষায় অংশও নেয়। পরীক্ষা যেদিন শেষ হলো, ঠিক তার পরদিন ধুমধাম করে বিয়ে দেওয়া হলো তার। যেতে হলো শ্বশুরবাড়ি। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার একটি গ্রামে।

এদিকে, নেত্রকোনা ও মানিকগঞ্জে গতকাল রোববার দুই স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এর মধ্যে নেত্রকোনার কলমাকান্দায় বাল্যবিবাহ বন্ধ হয় প্রথম আলো বন্ধুসভার তৎপরতায় এবং প্রশাসনের হস্তক্ষেপে।

রাজশাহীর বাগমারা উপজেলার সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র সূত্র বলেছে, গত বৃহস্পতিবার জেএসসির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা ছিল। ওই দিন পরীক্ষা দেওয়ার পর ওই ছাত্রীর গায়েহলুদের অনুষ্ঠান হয়। পরদিন শুক্রবার বিয়ের পর তাকে যেতে হয় শ্বশুরবাড়ি।

মেয়েটির পরিবারের সদস্যরা বলেন, আগে থেকেই একই উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের একটি গ্রামের সৌদিপ্রবাসী এক যুবকের (২৮) সঙ্গে ওই মেয়ের বিয়ের তারিখ ঠিক করা ছিল। পরীক্ষা শেষ হওয়ার পরদিনই বিয়ে সম্পন্ন হয়।

‘ভালো পাত্র’ পাওয়ায় মেয়ের বিয়ে দিয়েছেন জানিয়ে মেয়ের বাবা গতকাল প্রথম আলোকে বলেন, মেয়ের বয়স কম হওয়ায় বিয়ে নিবন্ধন করা হয়নি। বয়স হলে করা হবে।

এ বছর উপজেলার চারটি পরীক্ষাকেন্দ্রে ৩৮ জন বালিকাবধূ শ্বশুরবাড়ি থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। শনিবার প্রথম আলোয় এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র বলেছে, ইউনিয়নের একটি গ্রামে শুক্রবার নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর (১৪) বিয়ের আয়োজনের খবর পান প্রথম আলো বন্ধুসভার জেলা কমিটি সদস্যরা। কমিটির সহসভাপতি লিটন মিয়া ও আরও দুই সদস্য বিষয়টি পুলিশকে জানান। পুলিশ মেয়ের বাড়ি গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। এরপর মেয়ের পরিবারের সদস্যরা কৌশলে বাইরে থেকে কম্পিউটারের সাহায্যে মেয়ের বয়স বাড়িয়ে ইউনিয়ন পরিষদের একটি সনদ সংগ্রহ করেন। গতকাল আবার বিয়ের আয়োজন করা হয়। দুপুরে খবর পেয়ে প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি বিষয়টি মুঠোফোনে কলমাকান্দার ইউএনও মো. আরিফুজ্জামানকে জানান। ইউএনও সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও তাঁর কার্যালয় থেকে লোক পাঠিয়ে বিয়ে বন্ধ করেন।

আরিফুজ্জামান বলেন, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেওয়া হবে না, মর্মে তার মা-বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

মানিকগঞ্জ সদর উপজেলার ইউএনও শাহাদত খন্দকার বলেন, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের একটি গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১৪) বিয়ের আয়োজন চলছে জানতে পেরে গতকাল দুপুরে তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেনকে গ্রাম পুলিশসহ কনের বাড়িতে পাঠান। এরপর অভিভাবকদের সঙ্গে আলোচনা করে বিবাহ বন্ধ করা হয়।