জেএসসি পরীক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে জেএসসি পরীক্ষার্থীদের বহনকারী বাস থামিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের জমিদারহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় এওজবালিয়া ইউনিয়নের সাইদুল হক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন ও মো. খোকন এবং ছাত্রী নাতাশা আক্তার ও ফারজানা আক্তার আহত হন। তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার দুপুরে বাঁধেরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে জেএসসির পরীক্ষা শেষে ছাত্রছাত্রীদের নিয়ে তাঁরা ভাড়া করা বাসে রওনা হন। এ সময় মো. দিদার নামের এক যুবক বাসে উঠতে চায়। তাঁরা পরীক্ষার্থীদের বাসে অন্য কাউকে নেওয়া সম্ভব নয় জানালে ওই যুবক গালমন্দ করে এবং দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
মো. জসিম উদ্দিন বলেন, গতকাল দুপুরে পরীক্ষা শেষে তাঁরা ওই বাসে ফেরার পথে এওজবালিয়া ইউনিয়নের জমিদারহাট এলাকায় পৌঁছানোর পর দিদারের নেতৃত্বে ১০-১২ জন যুবক বাসের গতিরোধ করে। এরপর তারা লাঠিসোঁটা দিয়ে অতর্কিতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের এলোপাতাড়ি মারধর করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার পরীক্ষার্থীদের বাসে দিদার নামের এক যুবককে উঠতে না দেওয়ায় গতকাল পরীক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা চালানো হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।