জেএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জেএসসি পরীক্ষার্থীকে এক তরুণ ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দিলে ওই পরীক্ষার্থীর পরিবারকে এলাকাছাড়া করার হুমকি দিচ্ছে অভিযুক্ত তরুণের পরিবার।
ধর্ষণের শিকার হওয়া ওই পরীক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত বুধবার সকাল ১০টার দিকে সরাইলের শাহজাদাপুর গ্রামের জুয়েল রানা খাদেম (২০) ওই পরীক্ষার্থীর (১৩) বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় ওই পরীক্ষার্থী বাড়িতে একা ছিল। এ সময় তার চিৎকার শুনে আশপাশের কয়েকজন নারী এগিয়ে এলে জুয়েল রানা পালিয়ে যান।
ঘটনার পর জুয়েল রানার চাচা আবু মিয়া খাদেম বিষয়টি কাউকে না বলার জন্য পরীক্ষার্থীর মা-বাবাকে হুমকি দেন। পরীক্ষার্থীর মা বলেন, ‘আবু মিয়া এইডা (বিষয়টি) বইসা (সালিসের মাধ্যমে) শেষ করবে কইয়া গেছে। কইছে কেউরে কইলে গ্রাম থেইক্কা বাইর কইরা (গ্রামছাড়া) দিবে।’
এ বিষয়ে জানতে গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে দুই সাংবাদিক ওই পরীক্ষার্থীর বাড়িতে গেলে জুয়েল রানা খাদেমের বাবা, বড় দুই ভাই ফয়সাল, আপেল খাদেমসহ সাত-আটজন সেখানে ছুটে আসেন। তাঁরা সাংবাদিকদের সামনেই কিশোরী ও তার মা-বাবাকে হুমকি-ধমকি দেন। এ বিষয়ে মুখ খোলায় প্রতিবেশী জুমেলা বেগমকে (৩০) মারধর করেছেন জুয়েল রানার পরিবারের লোকজন।
ধর্ষণের অভিযোগের বিষয়ে জুয়েল রানা বলেন, ‘আমি তাদের ঘরে যাওয়ার পর সে ডাকচিৎকার দিতে থাকে। এরপর আমি ঘর থেকে চলে গেছি। তার সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই। আমাকে হেয় করার জন্য এসব বলছে।’