জেএসসি পরীক্ষার্থীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ
মাদারীপুরের কালকিনি উপজেলায় এক জেএসসি পরীক্ষার্থীকে ইয়াবা দিয়ে পুলিশ ফাঁসানোর চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে এলাকাবাসী উপজেলার গোপালপুর এলাকায় প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে।
ওই পরীক্ষার্থীর উপজেলার দক্ষিণ বালিগ্রাম এলাকার মোক্তার ফকিরের ছেলে। সে গোপালপুর উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী। তাকে সোমবার সন্ধ্যায় বালিগ্রাম এলাকা থেকে আটক করে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, এ সময় তার কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
তবে এ ঘটনা সাজানো বলে দাবি করেন ছাত্রের স্বজন ও এলাকাবাসী। তাঁরা বলেন, ডাসার থানার পুলিশ এর আগেও একাধিক ব্যক্তির পকেট বা ব্যাগে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে থানায় নিয়েছে। পরে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করেছে। নাম না প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, ডাসার থানার পুলিশ দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করে আসছে। এর আগেও নানা কৌশলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের ইয়াবা দিয়ে ফাঁসিয়েছে।
পরীক্ষার্থীর বাবা মোক্তার ফকির বলেন, ‘আমার ছেলে সোমবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের বাজারে ক্যারম খেলছিল। এ সময় পুলিশ এসে ওর পায়ের কাছে পড়ে থাকা একটি সিগারেট তোলে। পরে ওই প্যাকেটে ইয়াবা আছে বলে দাবি করে। এ ঘটনায় আমার ছেলেকে থানায় ধরে নিয়ে যায়। এ ঘটনা সম্পূর্ণ সাজানো। পুলিশ টাকার জন্য এমন ঘটনা সাজিয়েছে।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীকে আটকের খবর পেয়ে তার স্বজন ও এলাকাবাসী জড়ো হন। পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বাগ্বিতণ্ডা হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এরই প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে দুই শতাধিক পরিবহন আটকা পড়ে।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব বলেন, ‘মহাসড়ক অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং অবরোধকারীদের বুঝিয়ে সরিয়ে দিই। ওই শিক্ষার্থী জেএসসি পরীক্ষার্থী। তার আরও কয়েকটি পরীক্ষা বাকি আছে। তাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তাকে রাতেই মুক্তি দেওয়া হয়।’
ফাঁসানোর অভিযোগ উড়িয়ে দিয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, পুলিশ ইয়াবাসহ স্কুলছাত্রটিকে আটক করেছিল। ওই ছেলে সরাসরি ইয়াবা আদান-প্রদানের কাজে লিপ্ত। মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।