জেএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
কিশোরগঞ্জ সদর উপজেলার এক জেএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই পরীক্ষার্থীর বাবা কিশোরগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ওই মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই স্কুলছাত্রী এলাকার এক প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় রশিদাবাদ ইউনিয়নের গদার বাড়ি এলাকার জহিরুল ইসলাম (২০) অজ্ঞাতনামা দুই তরুণের সহায়তায় ওই পরীক্ষার্থীর মুখ চেপে ধরে বাঁশঝাড়ের নিচে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন।
ওই পরীক্ষার্থী এখনো কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে সেখান থেকে সে কেন্দ্রে গিয়ে জেএসসি পরীক্ষা দিচ্ছে।
হাসপাতালে থাকা মেয়েটির মা বলেন, তাঁরা সোমবার রাতে শহরে এক স্বজনের বাসায় বেড়াতে গিয়েছিলেন। তাঁরা সেখান থেকে রাত নয়টার দিকে বাড়িতে ফিরে এসে দেখেন মেয়ে ঘরে নেই। পরে স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়ে মেয়েটির কোনো সন্ধান না পেয়ে টর্চলাইট নিয়ে বাড়ির পাশে জঙ্গলে খুঁজতে থাকেন। এ সময় গোঙানির শব্দ শুনে তাঁরা বাঁশঝাড়ের নিচে হাত-পা বাঁধা অবস্থায় তার মেয়েকে পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা তাকে রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে জহিরুলের সঙ্গে কথা বলতে তাঁর মুঠোফোনে বারবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মীর মোশারফ হোসেন বলেন, জেএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাঁর বাবা মামলা করেছেন। অভিযোগ তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।