জেএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়
পিরোজপুরের নাজিরপুর উপজেলার হাজী আবদুল গণি মাধ্যমিক বিদ্যালয়ের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে ৫০০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে। এ ছাড়া ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা থেকে কেটে রাখা হচ্ছে।
একাধিক শিক্ষার্থী অভিযোগ করে, জেএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফি ৯০ টাকা এবং কেন্দ্র ফি ১৫০ টাকা। কিন্তু প্রধান শিক্ষক দেড় শতাধিক জেএসসি পরীক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণের জন্য ৭৫০ টাকা নিচ্ছেন। এ ছাড়া উপবৃত্তি পাওয়া ৪০০ শিক্ষার্থীর কাছ থেকে শ্রেণিভেদে ৪০ থেকে ৫০ টাকা করে কেটে রাখা হচ্ছে।
প্রধান শিক্ষক সন্তোষ কুমার কুণ্ডু বলেন, ‘বিদ্যালয়ের ৮৫০ শিক্ষার্থীর জন্য মাত্র ১৩ জন শিক্ষক রয়েছেন। শিক্ষার্থীদের পাঠদানের জন্য অতিরিক্ত ছয়জন শিক্ষককে খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের বেতন দেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কিছু টাকা নেওয়া হচ্ছে। এ ছাড়া আমার বিদ্যালয়টি জেএসসির পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বোর্ডের নির্ধারিত ফি দিয়ে কেন্দ্র চালানো সম্ভব নয় বলে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার জন্য ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নিয়েছে।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার প্রথম আলোকে বলেন, ‘অতিরিক্ত ফি নেওয়ার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’
নাজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, ‘গত রোববার শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা থেকে কিছু টাকা কেটে রাখার অভিযোগ পেয়ে আমি তাৎক্ষণিক টাকা দেওয়া বন্ধ রেখেছি।’