জেএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকার একটি বাড়ি থেকে গতকাল মঙ্গলবার ভোরে মুন্নি আক্তার নামের এক জেএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মুন্নি আক্তার (১৪) কুতুবদিয়া এলাকার শহীদ মিয়ার মেয়ে ও স্থানীয় চাপাইর বিবিএ উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল। এ বছর তার জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
পুলিশ ও নিহত ছাত্রীর পরিবার সূত্র জানায়, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাপাইর ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা আতাউর সরকারের ছেলে আরাফাত সরকার (২২) দীর্ঘদিন ধরে মুন্নিকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিলেন। একপর্যায়ে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেন আরাফাত। এতে রাজি না হওয়ায় মেয়েটিকে টানাহেঁচড়া করেন আরাফাত। পরে মুন্নির বাবা শহীদ মিয়া ও মা রিমা বেগম বিষয়টি আরাফাতের পরিবারকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো তাঁদের হুমকি-ধমকি দেন আরাফাতের বাবা। গত সোমবার রাতে পাশের বাড়িতে গানের অনুষ্ঠানে যান বাবা-মা। মুন্নি ঘরে একা ছিল। এ সুযোগে আরাফাত কৌশলে মুন্নির ঘরে ঢোকেন। এরপর রাতের কোনো একসময় মুন্নিকে শ্বাসরোধে হত্যা করেন। গতকাল ভোরে মুন্নির মা-বাবা গানের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে মেয়ের ঘরের দরজা খোলা দেখতে পান। খাটের ওপর মুন্নির লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা। লাশের গলায় ওড়না প্যাঁচানো ছিল। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মুন্নির মা রিমা বেগম বলেন, আরাফাত অনেক দিন ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন। কয়েকবার প্রেমের প্রস্তাব দিয়েছেন। এতে রাজি না হওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে জানতে গতকাল রাতে চেষ্টা করেও আরাফাতের বাবা আতাউর সরকারের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, মুন্নিকে হত্যা করা হয়েছে কি না, তা নিশ্চিত নয়। লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। এর প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার পর থেকে আরাফাত পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।