বিশ্বম্ভরপুরে রেস্তোরাঁর কর্মী খুন, গ্রেপ্তার ১
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আবদুল জলিল নামের এক রেস্তোরাঁকর্মী খুন হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল শুক্রবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
নিহত রেস্তোরাঁকর্মী আবদুল জলিল (২৩) বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের পলাশগাঁও গ্রামের আক্কাস আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ একই গ্রামের জিন্নাত আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, আবদুল জলিল স্থানীয় পলাশবাজারের একটি রেস্তোরাঁয় কাজ করতেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি ওই রেস্তোরাঁ থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে বিশ্বম্ভরপুর থানায় খবর পাঠান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় গতকাল বেলা একটার দিকে নিহতের মা হাজেরা খাতুন বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় পলাশগাঁও গ্রামের জিন্নাত আলী ও তাঁর ছেলে ফজর আলীকে (২৪) আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জিন্নাত আলীকে গ্রেপ্তার করেছে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, কয়েক দিন আগে একটি মোবাইল ফোনসেট নিয়ে ফজর আলী ও আবদুল জলিলের মধ্যে ঝগড়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আবদুল জলিলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ফজর আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।