জেএসসি পরীক্ষায় নকল দেওয়ায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় নকল সরবরাহ করায় ছয়জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম আহমেদ এ জরিমানা করেন।

যাঁদের জরিমানা করা হয়েছে, তাঁরা হলেন মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের সদস্য নজরুল ইসলাম (৫০), কাঁচা বাজার রোডের বাসিন্দা আবদুল আওয়াল (৩৮), বংশাই রোডের বটতলা এলাকার বাসিন্দা মো. হেলাল উদ্দিন (৪৮), শ্রীহরিপাড়া গ্রামের গোপাল সূত্রধর (২০), বাইমহাটী গ্রামের মো. ছানোয়ার হোসেন (৩৮) ও দেলদুয়ার উপজেলার এলাসিন গ্রামের মো. আরিফ হোসেন (১৮)। এর মধ্যে নজরুলের কাছ থেকে ৫০ হাজার, আওয়াল ও ছানোয়ারের কাছ থেকে ১০ হাজার এবং হেলাল, গোপাল ও আরিফের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সংশ্লিষ্ট সূত্রমতে, আজ জেএসসি পরীক্ষার তথ্য ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে মির্জাপুর সদর কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ হলে কয়েকজন অভিভাবক পরীক্ষার কক্ষে শিক্ষার্থীদের নকল সরবরাহ করতে যান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুম আহমেদ পরীক্ষা কেন্দ্রের ভেতর থেকে প্রশ্নপত্রের উত্তর সংবলিত নকলসহ ছয়জনকে ধরে ফেলেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানা করেন।

মো. মাসুম আহমেদ বলেন, ‘পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইনে তাঁদের জরিমানা করা হয়েছে।’

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের প্রবেশের বিষয়ে জানতে চাইলে পরীক্ষা হলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কেন্দ্র সচিব উপজেলা মৈশামূড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন বলেন, পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত ছাড়া কেউ যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে, এ জন্য কর্তব্যরত পুলিশ সদস্যদের বলা হয়েছিল। এরপরও এসব অভিভাবক কীভাবে ভেতরে প্রবেশ করলেন, তা তিনি জানেন না।

এ বিষয়ে ওই কেন্দ্রে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।