জেএসসির উত্তরপত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) উত্তরপত্রের ফটোকপিসহ নাচনাপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ফরিদ উদ্দিনকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুর একটার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাঁকে আটক করা হয়।

নাচনাপাড়া মানিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিল ও পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ জেএসসির গণিত বিষয় পরীক্ষা চলাকালে অভিযান চালিয়ে কেন্দ্র সংলগ্ন এলাকায় ফটোকপির ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তরপত্রের ফটোকপিসহ ফরিদ উদ্দিনকে আটক করা হয়। পাথরঘাটার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. ইকবাল হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন।

পুলিশের এসআই সাইদুল ইসলাম বলেন, ফরিদ উদ্দিনকে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।