জেএসসির প্রশ্নপত্র কেন্দ্রের বাইরে নেওয়ার দায়ে শিক্ষকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রশ্নপত্র বাইরে নিয়ে যাওয়ার অপরাধে এক শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ ছাড়া এক জেএসসি পরীক্ষার্থী ও তিন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুলবাড়ী জছিমিয়া মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৫ নম্বর কক্ষে গতকাল কৃষিশিক্ষা ও গার্হস্থ্যবিজ্ঞান পরীক্ষা দিচ্ছিল ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী মাহমুদা মিম। পরীক্ষা চলার সময় মিম প্রশ্নপত্র ছিঁড়ে বাইরে যাওয়ার অপরাধে তাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে ওই রুমে দায়িত্বপালনকারী আজোয়াটারী মাস্টারপাড়া উচ্চবিদ্যালয়ের ইংরেজির শিক্ষক সোহরাব আলী, কলমদারটারী সরকারপাড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের বাংলার শিক্ষক জীতেন্দ্র নাথ রায় ও ফুলবাড়ী জছিমিয়া মডেল উচ্চবিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক মাহফুজার রহমানকে দায়িত্ব অবহেলার কারণে বহিষ্কার করা হয়। অন্যদিকে ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আয়নাল হকের বিরুদ্ধে প্রশ্নপত্র ছিঁড়ে বাইরে নিয়ে যাওয়ার অপরাধে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নবী নেওয়াজ।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নবী নেওয়াজ বলেন, অপরাধের সঙ্গে যাঁরা জড়িত তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন্দ্রসচিবকে বলা হয়েছে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী জছিমিয়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব আবেদ আলী খন্দকার বলেন, সহকারী শিক্ষক আয়নাল হকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, কেন্দ্রসচিব বাদী হয়ে শিক্ষক আয়নাল হকের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।