বরিশালে শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে ফরম পূরণ করলেও বোর্ডের তালিকায় ২৭ বিদ্যালয়ের নাম নেই। ব্যাংক থেকে ফরম পূরণের টাকা বোর্ডে না যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বোর্ড থেকে জানা যায়, জেএসসি পরীক্ষার জন্য ১২ আগস্ট থেকে ফরম পূরণ শুরু হয়। অনলাইনে ফরম পূরণ করা বিদ্যালয়গুলোকে ২৪ আগস্টের মধ্যে বোর্ডের অনুকূলে সোনালী ব্যাংকের মাধ্যমে টেলিফোনিক ট্রান্সফার (টিটি) করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ২৪ আগস্টের মধ্যে ওই ২৭টি প্রতিষ্ঠানের ফরম পূরণের অর্থ বোর্ডে যায়নি।
ভোলা জেলার ফাতেমা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিমউদ্দিন জানান, তাঁর বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীর ফরম পূরণ করে ২১ আগস্ট সোনালী ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠানো হয়। কিন্তু তাদের টাকা জমা হয়নি। এখন ব্যাংক থেকে প্রত্যয়নপত্র নিয়ে বোর্ডে যাওয়ার জন্য বলা হয়েছে।
সোনালী ব্যাংকের বরিশাল করপোরেট শাখার সহকারী ব্যবস্থাপক মো. নাসিরউদ্দিন তালুকদার জানান, বিভাগের বিভিন্ন শাখা থেকে টিটি পাঠানোর তথ্য দেওয়া হয়নি। বিষয়টি সমাধানে বোর্ডের সঙ্গে কথা বলা হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, ‘কোনো প্রতিষ্ঠান যদি ব্যাংকে টাকা জমা দিয়ে থাকে, তাদের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিন্তার কোনো কারণ নেই।’